কুপিয়ে ও পিটিয়ে তিনজনকে হত্যা, তিনজনের লাশ উদ্ধার
ঝালকাঠি ও ফরিদপুরে গত মঙ্গলবার রাতে কুপিয়ে ও পিটিয়ে দুজনকে হত্যা করা হয়েছে। একই দিন চুয়াডাঙ্গায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার যশোরে এক নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। এর আগে বরগুনা ও পিরোজপুরে আরও দুজনের লাশ উদ্ধার করা হয়।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঝালকাঠি: রাজাপুর উপজেলার ছোট কৈবর্তখালী গ্রামে চোর সন্দেহে মনির হোসেন (২৮) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মনির হোসেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। পুলিশ এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাতে বড় কৈবর্তখালী গ্রামের হাবিব ফরাজীর বাড়িতে চোর সন্দেহে মনির হোসেনকে আটক করা হয়। এ সময় বাড়ির লোকজন ও এলাকাবাসী তাঁকে পিটুনি দেন। এতে মনির গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাঁর মৃত্যু হয়।
ফরিদপুর: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ডোনাশুর গ্রামে ডাকাতদের অস্ত্রের আঘাতে বাড়ির গৃহকর্তা আবদুল মান্নান কাজী (৬৫) নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, মঙ্গলবার দিবাগত রাতে একদল ডাকাত বাড়ির খিল খুলে মান্নানের ঘরে ঢোকে। ঘটনা টের পেয়ে মান্নান কাজী অন্য দরজা দিয়ে বের হয়ে পাশের ঘর থেকে ছেলে মুরাদ কাজীকে ডেকে তোলেন। এ সময় ডাকাত দলের দুই সদস্য মান্নানের বাঁ পাজরে ছুরি দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার পারকুলা এলাকায় রোববার রাতে দুর্বৃত্তরা মতিয়ার রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে আহত করে। মঙ্গলবার বিকেলে মতিয়ার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আলমডাঙ্গা থানার ওসি মনির উদ্দীন মোল্লা বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
যশোর: গতকাল যশোরের শার্শা উপজেলার নাভারন রেল স্টেশন এলাকা থেকে অজ্ঞাতনামা (৪০) এক প্রতিবন্ধী নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শার্শা থানার ওসি শহিদার রহমান জানান, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।
বরগুনা: বরগুনা সদরে নিখোঁজ হওয়ার নয় দিন পর মঙ্গলবার বিকেলে উপজেলার চরপাড়া নামক এলাকার একটি ডোবা থেকে ভাড়ায়চালিত এক মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আনিসুর রহমান (৪০) নামের ওই ব্যক্তি ৯ নভেম্বর মোটরসাইকেলসহ নিখোঁজ হয়েছিলেন।