নাটোরের গুরুদাসপুরে হবু ভগ্নিপতিকে পছন্দ না হওয়ায় স্বদেশ বাসফোর (৩৭) নামের এক পরিচ্ছন্নতাকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার ভোরে উপজেলার চলনালী সুইপার কলোনিতে ওই ঘটনা ঘটে। আহত স্বদেশকে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই ঘটনায় স্বদেশের বাবা রাজকুমার বাদী হয়ে গুরুদাসপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। রাজকুমার বলেন, কিছুদিন আগে স্বদেশের স্ত্রী মারা যান। এরপর মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী সুইপার কলোনির রতন লালের মেয়ে জোসনার (২৬) সঙ্গে স্বদেশের বিয়ে ঠিক হয়। কিন্তু কনের ভাই মেঘনার (২৪) এই বিয়েতে মত ছিল না। গত মঙ্গলবার মেঘনা গুরুদাসপুরে স্বদেশের বাড়িতে বেড়াতে আসেন। গতকাল ভোরে স্বদেশকে কুপিয়ে জখম করে পালিয়ে যান তিনি। গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস বলেন, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।