কুপিয়ে তরুণকে হত্যা কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের শংকরপুর এলাকায় প্রতিপক্ষের হামলায় মো. আলী সুমন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। সদর উপজেলার নতুন খয়েরতলা এলাকায় জামাতার প্রহারে আহত আবদুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া সদর উপজেলার শ্রীপদ্দী গ্রামে মাটির দেয়ালের চাপায় আকাশ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সুমনকে হত্যার ঘটনায় তাঁর বাবা রোকন ব্যাপারী বাদী হয়ে যশোর পৌরসভার কাউন্সিলর আইনজীবী জুলফিকার আলী ওরফে জুলুসহ নয়জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি আতিয়ার রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আবদুল হোসেনের মৃত্যুর ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে জমিজমা নিয়ে শংকরপুর এলাকায় বিবদমান দুই পক্ষের মধ্যে সালিস বৈঠক বসে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় সুমনকে কুপিয়ে জখম করা হয়। গুরুতর অবস্থায় তাঁকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ওসি ইনামুল হক বলেন, জুলফিকার আলীর সঙ্গে রোকন ব্যাপারীর জমি নিয়ে বিরোধ রয়েছে। ওই বিরোধ মেটানোর জন্য শুক্রবার সালিস ডাকা হয়। সালিসে পাল্টাপাল্টি ধাওয়ার একপর্যায়ে রোকনের ছেলে সুমনকে কুপিয়ে আহত করা হয়।
এদিকে ১ নভেম্বর নতুন খয়েরতলা এলাকার আবদুল হোসেনের মাথায় আঘাত করা হয়। পুলিশ জানায়, শ্বশুর আবদুলের সঙ্গে তাঁর জামাতা দিপুর আর্থিক লেনদেন ছিল। ধারের টাকা চেয়ে না পাওয়ায় বাগ্বিতণ্ডার একপর্যায়ে দিপু আবদুলের মাথায় আঘাত করেন। গুরুতর অবস্থায় আবদুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তাঁর মৃত্যু হয়। এ ছাড়া শুক্রবার সন্ধ্যার দিকে শ্রীপদ্দী গ্রামে বাড়ির পাশের একটি মাটির দেয়ালে বসে ব্যাডমিন্টন খেলা দেখছিল আকাশ। এ সময় দেয়ালটি ধসে পড়ে। এতে আকাশ দেয়ালের নিচে চাপা পড়ে। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। গতকাল সকালে তার মৃত্যু হয়।