কুপিয়ে দোকানমালিকের স্ত্রী-পুত্রকে জখম
রাজধানীর হাজারীবাগে বাকির টাকা চাওয়ায় গতকাল রোববার সকালে এক চা-দোকানদারের স্ত্রী ও ছেলেকে কুপিয়েছে স্থানীয় এক সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় দোকানের মালিকের স্ত্রী পারভীন আক্তার (৪০) ও ছেলে সজলকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দোকানের মালিক জাহাঙ্গীর হোসেন বলেন, হাজারীবাগের বৌবাজার এলাকায় তাঁর চা-পুরির দোকান আছে। স্থানীয় সন্ত্রাসী ভোলা মাসুম প্রতিদিন তাঁর দোকানে বাকিতে চা-পুরি খেতেন। কয়েক দিন আগে ভোলা মাসুম তাঁর দোকান থেকে আড়াই হাজার টাকা চাঁদা নেন। গতকাল সকালে দোকান থেকে চা-পুরি খেয়ে যাওয়ার সময় দোকানমালিকের ছেলে সজল ওই ব্যক্তির কাছে টাকা চান। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ভোলা মাসুম পাশের মাংসের দোকান থেকে চাপাতি এনে সজলকে উপর্যুপরি কোপাতে থাকেন। ছেলের চিত্কারে সজলের মা পারভীন এগিয়ে এলে তাঁকেও কোপ দেন। কোপে পারভীনের হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বলেন, ওই হামলার অভিযোগ তিনি পেয়েছেন। সন্ত্রাসী ভোলাকে আটকের চেষ্টা চলছে।