কুপিয়ে দোকানদারকে হত্যার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাকিতে সিগারেট এবং চাঁদার দুই লাখ টাকা না দেওয়ায় লালমনিরহাট সদর উপজেলার সিন্দুরমতি বাজারে কুপিয়ে মুদি দোকানদার তাজুল ইসলামকে (২১) হত্যাসহ চার ভাইকে কুপিয়ে গুরুতর আহত ও হত্যা চেষ্টার ঘটনায় গতকাল শনিবার রাত পৌনে ১২টায় লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

মামলা করেছেন নিহত তাজুল ইসলাম এবং আহত চার ছেলের বাবা লালমনিরহাট সদর উপজেলার উত্তর মণ্ডল পাড়া গ্রামের আব্দুস সামাদ মণ্ডল।
মামলায় লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম লিটন, তাঁর বড় ভাই লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক নাজমুল হুদা লিমন এবং একই ইউনিয়নের নামাপাড়া গ্রামের যুবলীগকর্মী এরশাদুল হকসহ (২৮) স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ১৪ জনের নাম পরিচয় উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
পুলিশ মামলা দায়েরের আগে গত শুক্রবার গভীর রাতে নজরুল, নাজমুল এবং এরশাদুলকে গ্রেপ্তার করে।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা লালমনিরহাট সদর থানার (ওসি তদন্ত) প্রদীপ কুমার রায় বলেন, তাজুল ইসলামকে হত্যা ও তার চার ভাইকে হত্যা চেষ্টার অভিযোগে লালমনিরহাট সদর থানায় শনিবার রাতে মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বৃহস্পতিবার বিকেলে নাজমুল হুদা সিন্দুরমতি বাজারের ওই মুদি দোকানে এসে আব্দুস সামাদ মণ্ডলের ছেলে আরিফুল ও ফারুকের কাছে বাকিতে এক প্যাকেট বেনসন সিগারেট চান। পূর্বের বাকির টাকা না দিলে নতুন করে বাকি দেওয়া হবে না বলে জানালে নাজমুল আরিফুলকে চড় মারেন। পরে ওই বাজারে দোকান করতে হলে দুই লাখ টাকা চাঁদা দিতে হবে বলে হুমকি দিয়ে চলে যান নাজমুল। সেদিন সন্ধ্যায় ঘটনাটি নাজমুলের বাবা একই ইউনিয়নের পশ্চিম মণ্ডল পাড়া গ্রামের ফরিদ উদ্দিনকে অবহিত করা হয়। তার পরদিন শুক্রবার বিকেলে নাজমুল ও নজরুলের নেতৃত্বে স্থানীয় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ১০ থেকে ১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই মুদি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ সময় তাজুল ইসলামসহ তাঁর অপর চার ভাই গুরুতর আহত এবং জাহেদুল ইসলাম নামের আরেক ভাই সামান্য আহত হন। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। শুক্রবার গভীর রাতে তাজুল ইসলাম সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাজুলের অপর চার ভাই সেখানে চিকিৎসাধীন রয়েছেন।