কুমারখালীতে আ.লীগ নেতার চাপে চাল কেনা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির চাপে চালকলমালিকদের কাছ থেকে চাল কেনা বন্ধ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা চালকল মালিক সমিতির নেতারা। স্থানীয় একটি চালকলে গতকাল দুপুরে ওই সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আবদুল মজিদ বলেন, চলতি আমন সংগ্রহ অভিযানে উপজেলার চালকলমালিকদের কাছ থেকে ৩১ টাকা কেজি দরে ১৯৮ টন চাল কেনার সিদ্ধান্ত হয়। গত ২৮ ডিসেম্বর ২৯ জন চালকলমালিক নিয়মানুযায়ী খাদ্য বিভাগের সঙ্গে চাল সরবরাহের চুক্তি করেন। চুক্তি স্বাক্ষরের দিন থেকে পরবর্তী ১৫ কার্যদিবসের মধ্যে এই চাল সরবরাহ করার কথা রয়েছে। পরে তাঁরা সরকারি খাদ্যগুদামে চাল সরবরাহ করতে গেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান খানের নির্দেশ ছাড়া চাল নেওয়া হবে না বলে জানান গুদাম কর্মকর্তা। পরে তাঁরা মান্নান খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি (মান্নান) কেজিপ্রতি আড়াই টাকা চাঁদা দাবি করেন। চাঁদার টাকা পরিশোধ ছাড়া এক কেজি চালও গুদামে ঢুকবে না বলে তিনি জানিয়ে দেন।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক আবদুল করিম বলেন, ‘গত মঙ্গলবার স্থানীয় সাংসদ আবদুর রউফের চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করার কথা ছিল। আমি সাংসদকে এ ব্যাপারে আমন্ত্রণ জানিয়েছি জানতে পেরে মান্নান খান আমার ওপর ক্ষুব্ধ হন। মান্নান আমাকে বলেন, “তুমি খুব বাড়াবাড়ি করছ, তুমি এমপিকে দাওয়াত করেছ কার নির্দেশে। এমপির কী ক্ষমতা, আমার নির্দেশ ছাড়া এক ছটাক চালও কেনা হবে না”।’
তবে মান্নান খান থাইল্যান্ডে থাকায় এ অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। সাংসদ আবদুর রউফও ভারতে থাকায় তাঁর সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
উপজেলা খাদ্য কর্মকর্তা আবু হেনা বলেন, ‘আমি কয়েক দিন আগে যোগদান করেছি। আর খাদ্যগুদাম কর্মকর্তা অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন। যে সমস্যা আছে, সেটা দু-এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে।’
উপজেলা খাদ্য সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহেলা খাতুন বলেন, ‘মিলমালিকেরা এ বিষয়ে আমাকে কিছু বলেননি। কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’