কুমারখালীতে চা-বিক্রেতা গুলিবিদ্ধ
কুষ্টিয়ার কুমারখালীতে সন্ত্রাসীদের ধরতে গিয়ে এক চা-বিক্রেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে পুলিশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। গুলিবিদ্ধ তাছির আহমেদ (৪৫) কুমারখালীর কাজীপাড়া এলাকার মৃত খন্দকার মোজাম্মেল হকের ছেলে।
গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী শহরের কাজীপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। পুলিশ সন্ত্রাসীদের ফেলে যাওয়া একটি নম্বরবিহীন মোটরসাইকেল জব্দ করেছে, তবে কাউকে ধরতে পারেনি।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে কুষ্টিয়া থেকে তিনটি মোটরসাইকেলে ছয়জন রাজবাড়ীর দিকে যাচ্ছিলেন। আলাউদ্দীন মোড় থেকে পুলিশের একটি টহল দল কুমারখালীর দিকে যাচ্ছিল। কাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে থাকা আরোহীরা পেছনে পুলিশ দেখে পরপর কয়েকটি গুলি ছোড়েন। এ সময় পুলিশের সদস্যরা তাঁদের ধাওয়া দিলে একটি মোটরসাইকেল পড়ে যায়। এ সময় পাশে থাকা এক চা-বিক্রেতা দৌড়ে আসেন।
চা-বিক্রেতা তাছির আহমেদ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসীরা পড়ে গেলে তাঁদের একজনকে তিনি জাপটে ধরেন। এ সময় কেউ একজন তাঁকে গুলি করেন। তিনি পড়ে গেলে সন্ত্রাসীরা মোটরসাইকেলে উঠে পড়েন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
তাছির আহমেদ বলেন, পুলিশকে সাহায্য করতে গিয়ে তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি কিছু বুঝে উঠতে পারেননি। ধাওয়া দেখে তিনি দৌড়ে ধরতে যান। গুলি করতে পারে ততটা ভাবেননি—বলেই তিনি কেঁদে ওঠেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রুমন রহমান বলেন, কোমরের পেছন দিয়ে গুলি ঢুকেছে। তবে সেটা বের হয়নি। এ ছাড়া ধারালো ছুরি দিয়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। তিনি আশঙ্কামুক্ত নন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, পুলিশ কিছুই জানত না। বিষয়টি কাকতালীয় ছিল। সন্ত্রাসীরা তিনটি মোটরসাইকেলের মধ্যে একটি ফেলে দুটিতে করে ছয়জন কুষ্টিয়ার দিকে চলে গেছেন। তাঁদের বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁরা কোনো সন্ত্রাসী দলের সদস্য বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তাঁদের খুঁজে বের করতে ইতিমধ্যে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে। এ ছাড়া ঘটনার সময় দুই পুলিশ সদস্য নিরস্ত্র অবস্থায় ছিলেন। ওসি আরও বলেন, চা-বিক্রেতা অনেক সাহসী ভূমিকা নিয়েছেন।