কুমারখালীতে দগ্ধ গৃহবধূ, স্বামীর বিরুদ্ধে মামলা
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছেন গৃহবধূ লাইলি খাতুন (২১)। তাঁর শরীরের অধিকাংশ আগুনে ঝলসে গেছে। লাইলি ও তাঁর বাবা রবিউল ইসলামের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকজনই গায়ে আগুন দিয়েছে।
লাইলির গ্রামের বাড়ি কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
লাইলির বাবা রবিউল ইসলামের ভাষ্যমতে, তিন বছর আগে কয়া ইউনিয়নের কয়া গ্রামের পাখি-ভ্যানচালক অমিত হোসেনের সঙ্গে লাইলির বিয়ে দেন। বিয়ের সময় এক জোড়া দুল আর কিছু টাকা দেওয়ার কথা ছিল। সে সময় ২০ হাজার টাকা দেওয়া হলেও দুল দেওয়া হয়নি। আর এ জন্য শ্বশুরবাড়িতে তাঁর মেয়েকে অনেক নির্যাতন সহ্য করতে হয়েছে। তাই দুল তৈরির জন্য ১০ হাজার টাকা দিতে চেয়েছিলেন। ওই টাকা নেওয়ার জন্য জামাই ও মেয়ে প্রায় দুই মাস ধরে তাঁদের বাড়িতে এসে থাকেন। এক সপ্তাহ আগে তাঁদের ১০ হাজার টাকা দিলে তাঁরা চলে যান।
রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, দুল দেওয়ার পরও শ্বশুরবাড়িতে তাঁর মেয়েকে নির্যাতন করা হয়। আর এই নির্যাতনের শেষ পরিণতিতে মেয়েকে তাঁরা আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিলেন।
লাইলির স্বামী অমিত হোসেনকে (২৭) প্রধান আসামি করে নারী নির্যাতনের অভিযোগে থানায় মামলা করেছেন রবিউল ইসলাম। মামলায় শ্বশুর সোবাহান শেখ (৬৫), শাশুড়ি নুরজাহান খাতুন (৫২) ও ভাসুর সজলকে (২৯) আসামি করা হয়েছে।
অগ্নিদগ্ধ গৃহবধূ লাইলি খাতুন বলেন, বিয়ের সময় তাঁর বাবা কোনো টাকাপয়সা দিতে পারিনি বলে শ্বশুর-শাশুড়ি তাঁকে চেহারা খারাপ, কালো বলে গালি দিতেন। সাংসারিক নানা কারণে স্বামীর সঙ্গে কথা-কাটাকাটি হলে স্বামীর পাশাপাশি তাঁর ভাশুর সজল একাধিবার তাঁকে মারধর করেছেন। গত ২১ জানুয়ারি গভীর রাতে অমিত হোসেন কয়েক দফায় শারীরিক নির্যাতন করে বাইরে চলে যান। গভীর রাতে ঘরে আসেন। তখনো শারীরিক নির্যাতনের যন্ত্রণায় কান্নাকাটি করছিলেন তিনি। পরে তাঁর গায়ের কাপড়ে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ ঘটনা তিনি (লাইলি) নিজেই ঘটিয়েছেন বলে প্রচার করতে বলেন, না হলে তাঁর এক বছরের মেয়ে অহনাকে হত্যার হুমকি দেন।
খবর পেয়ে লাইলির বাবার বাড়ির লোকজন ওই রাতেই লাইলিকে উদ্ধার করে প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এক দিন পর কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও দুই দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঢাকা মেডিকেলে থাকতে গিয়ে টাকা ফুরিয়ে যায়। ওষুধ ও ইনজেকশন কিনতে না পেরে ৩০ জানুয়ারি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন তাঁকে। এখন বাড়িতেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন লাইলি।
বৃহস্পতিবার বিকেলে শারীরিক অবস্থা খারাপ হলে তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসক আকুল উদ্দিন প্রথম আলোকে বলেন, লাইলির অবস্থা খুবই খারাপ। তাঁর শরীরে ইনজেকশন পুশ করার মতো কোনো জায়গা নেই।
কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহেলা আক্তার বলেন, গত বুধবার সন্ধ্যায় লাইলিকে তাঁর বাবার বাড়িতে দেখতে যাওয়া হয়েছিল। থানায় মামলা দিতে বলা হয়েছে। ওসিকে এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, যৌতুক ও নারী নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে। রাতেই আসামিদের ধরতে অভিযান চালানো হয়েছিল। বাড়িতে তাঁদের পাওয়া যায়নি।