কুমারখালীতে দুই পক্ষের সংঘর্ষ পুলিশের গুলি, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তার নিয়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ঢলনগর গ্রামে গতকাল শুক্রবার দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ থামাতে গুলি ছুড়তে হয়েছে পুলিশকে। এতে নয়জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুলিবিদ্ধ নয়জনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তি, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য নিয়ে ঢলনগর গ্রামের রবি মালিথা ও জামাল উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার রাতে রবি মালিথার সমর্থক সোহেলকে অপমান করে জামাল মোল্লার এক সমর্থক। এ নিয়ে রাতেই দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এরপর গতকাল সকালে স্থানীয় বাজারে যাওয়ার পথে জামালের পক্ষের কামালকে বেধড়ক মারধর করে রবির লোকজন।
এ ঘটনার পর উভয় পক্ষের লোকজন হাঁসুয়া ও রামদাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে স্থানীয় স্কুল মোড়ে জড়ো হয়। জুমার নামাজ শেষে উভয় পক্ষ সশস্ত্র মহড়া দিতে শুরু করলে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করে। তবে পুলিশের বাধা সত্ত্বেও শক্তি দেখাতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের বেশ কয়েকটি গুলি ছোড়ে। এতে এক নারীসহ নয়জন গুলিবিদ্ধ হন। বাকিরা আহত হয়েছেন ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের আঘাতে।
গুলিবিদ্ধ নয়জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছেন স্থানীয় ব্যক্তিরা। আহত অন্যদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানিয়েছে, গুলিবিদ্ধ নয়জনের মধ্যে কয়েকজনের দেহে ধারালো অস্ত্রের আঘাতও রয়েছে। এই নয়জন হলেন: আবদুস সাত্তার (৩৮), শাখাওয়াত মোল্লা (৪০), আকমল আলী (৪০), তারিকুল ইসলাম (৩৫), জিহাদ আলী (৩৫), আকিয়া খাতুন (৪০), তাইজাল ফকির (৫৫), আশরাফুল ইসলাম (৩০) ও হাসান আলী (২০)। চিকিৎসাধীন সাত্তার ও শাখাওয়াত দাবি করেছেন, তাঁরা কোনো পক্ষেরই সদস্য নন এবং সংঘর্ষ দেখতে গিয়ে আহত হয়েছেন।
স্থানীয় চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম তোতা বলেন, টাকাপয়সা লেনদেনসংক্রান্ত বিরোধ ও বাঁশ কাটার ঘটনাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জের ধরে গতকালের সংঘর্ষ ঘটে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি না ছুড়লে খুনোখুনি হয়ে যেত।
গুলি ছোড়ার কথা স্বীকার করেছেন কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান। তিনি জানিয়েছেন, সংঘর্ষের ঘটনায় গতকাল রাত পর্যন্ত কোনো মামলা হয়নি। উত্তেজনা অব্যাহত থাকায় এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।