কুমারখালীতে দুপক্ষের সংঘর্ষে নয়জন আহত
কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নয়জন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, মাজগ্রামের মো. সোলেমানের গাছের সুপারি কেনেন আক্তার হোসেন নামের এক ব্যবসায়ী। গতকাল সকালে আক্তার হোসেন গাছ থেকে সুপারি পাড়েন। পরে তিনি সেগুলো গণনা করেন। একপর্যায়ে তিনি ২০০ সুপারি আলাদা করে রেখে দেন। মো. সোলেমান এ বিষয়ে জানতে চাইলে আক্তার হোসেন বলেন, তিনি নিজে গাছ থেকে সুপারি পেড়েছেন, এ জন্য ওই ২০০ সুপারির দাম দেবেন না। এ নিয়ে তাঁদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে দুজনের লোকজন ঘটনাস্থলে হাজির হন। একপর্যায়ে উভয় পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত নয়জন আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আহত ব্যক্তিরা হলেন শামসুল ইসলাম (২৯), আশিকুর রহমান (২২), মো. সোলেমান (৫০), তাঁর স্ত্রী সবুরা খাতুন (৪৫), রাজু মিয়া (৪০), আক্তার হোসেনের ছেলে শরিফুল ইসলাম (৩০), আক্কাস আলী (৪০), মুক্তার হোসেন (৫৫) ও মুকুল হোসেন (২০)। কয়েকজনের অবস্থার অবনতি হলে তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান গতকাল সন্ধ্যায় বলেন, একটি পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে।