কুমারখালীতে বসতবাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের খোর্দ্দ ভালুকা গ্রামের একটি বসতবাড়িতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে মনোয়ারা খাতুন (৩২) নামের এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মনোয়ারা খাতুন একই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।
গত মঙ্গলবার গভীর রাতে ভালুকা গ্রামের আবদুল হাকিমের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার সময় তিনিসহ পরিবারের বেশির ভাগ সদস্য রাজবাড়ীর পাংশায় এক আত্মীয়র বাড়িতে ছিলেন।
আবদুল হাকিমের ভাষ্যমতে, মঙ্গলবার তিনি পরিবারের সদস্যদের নিয়ে পাংশায় তাঁর বোনের বাড়িতে যান। রাতে কয়েকজনকে বাড়িতে পাঠান। এ সময় গভীর রাতে কে বা কারা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। একপর্যায়ে আগুন বসতবাড়ির কয়েকটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় তাঁর ভাই শফিকুল, উকিলের ঘরসহ তাঁর মায়ের থাকার ঘর ভস্মীভূত হয়। স্থানীয় লোকজন ঘণ্টা খানেক পর আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে টাকাসহ ঘরের আসবাব ভস্মীভূত হয়। এতে মনোয়ারা খাতুন আহত হলে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আকুল উদ্দিন বলেন, মনোয়ারার হাত ও মুখ সামান্য দগ্ধ হয়েছে। তিনি শঙ্কামুক্ত।
সন্ধ্যায় আবদুল হাকিম বলেন, এক প্রতিবেশীর সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি এ ঘটনার সঙ্গে জড়িত। এ ব্যাপারে থানায় মামলা করা হবে।
পান্টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল হাফিজও আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।
কুমারখালী থানার ওসি জিয়াউর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মামলা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।