কুমারখালীতে মালামাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালীর খলিশাদহ গ্রামে গত রোববার রাতে একই পরিবারের চারজনকে অচেতন করে মালামাল লুট করা হয়েছে। পরে গৃহকর্তা শহিদুল ইসলাম মোল্লা (৬৫), তাঁর স্ত্রী রুবিয়া খাতুন (৫০), মেয়ে জেসমিন আক্তার (৩০) ও পুত্রবধূ সাবিনা খাতুনকে (৩০) উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করান প্রতিবেশীরা। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা আশরাফুল হাসান বলেন, গতকাল সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ওই চারজনকে অচেতন অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে, তাঁরা খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন। এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মাহবুব-উজ-জামান প্রথম আলোকে বলেন, গৃহকর্মী মালামাল নিয়ে পালিয়ে গেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।