কুমিল্লা ও ঈশ্বরদীতে 'বন্দুকযুদ্ধে' দুজন নিহত
কুমিল্লা আদর্শ সদর উপজেলা ও পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, কুমিল্লায় নিহত আজাদ খান ছিনতাইকারী। আর ঈশ্বরদীতে নিহত জাহাঙ্গীর হোসেন মালিথা মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী।
তবে জাহাঙ্গীরের মা জাহানারা বেগমের অভিযোগ, পুলিশ গুলি করে তাঁর ‘নিরপরাধ’ ছেলেকে হত্যা করেছে।
কুমিল্লা: আদর্শ সদর উপজেলার আলেখারচর গোমতী নদীর বাঁধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজাদ (২৫) নিহত হন।
ডিবির উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের ভাষ্যমতে, গত বুধবার রাত পৌনে একটার দিকে কুমিল্লা নগরের অশোকতলা এলাকার আজাদ খান, কাউছার খান, উত্তর রেসকোর্সের শাওন ওরফে জুয়েল ও বাগিচাগাঁও এলাকার সায়েম হোসেন গোমতীর বাঁধে পথচারীদের আটকে ছিনতাই করছিল। খবর পেয়ে ডিবির একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে পুলিশের গুলিতে আজাদ আহত হন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গতকাল ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
এসআই ফিরোজ দাবি করেন, ‘বন্দুকযুদ্ধের’ সময় ঘটনাস্থল থেকে কাউছার, শাওন ও সায়েমকে একটি রিভলবার, দুটি গুলিসহ গ্রেপ্তার করা হয়। তাদের জেলা ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা করে তিনজনকে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসআই ফিরোজ জানান, গত ৬ নভেম্বর কুমিল্লা নগরের ঝাউতলা এলাকায় মোহাম্মদ সুমন ওরফে জিরা সুমনের নেতৃত্বে একদল ছিনতাইকারী তাঁকে (ফিরোজ) গুলি করে অস্ত্র নিয়ে যায়। ওই বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন আজাদ।
ডিবির এসআই শাহ কামাল আকন্দ জানান, নিহত আজাদের নামে চুরি ও ডাকাতির অভিযোগে দুটি মামলা রয়েছে।
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর গোকুলনগর গ্রামে গত বুধবার দিবাগত রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন জাহাঙ্গীর (২৭।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান কুমার দাশের ভাষ্যমতে, রাত পৌনে একটার দিকে ঈশ্বরদী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জুয়েল শহরে টহল দেওয়ার সময় খবর পান গোকুলনগরে রাস্তায় ডাকাতি ও ছিনতাই হচ্ছে। টহলরত চার পুলিশকে নিয়ে তিনি সেখানে যান। তাঁদের গাড়ি স্থানীয় রাজু সিনেমা হলের কাছে পৌঁছালে ছয় সদস্যের ডাকাত দল অস্ত্র হাতে গাড়ির দিকে ছুটে আসে। পুলিশের গাড়ি বুঝতে পেরে ডাকাতেরা পালাতে থাকে। পুলিশ তাদের পিছু নেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও গুলি ছুড়তে থাকে ডাকাতেরা। এ সময় বুকে ইটের আঘাত লেগে পুলিশ সদস্য মিজানুর রহমান (৩৫) অচেতন হয়ে পড়েন। এরপর পুলিশ দুটি ফাঁকা গুলি ছোড়ে। ডাকাত দল পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে। ওসি জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ নিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জাহাঙ্গীরকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। জাহাঙ্গীরকে উদ্ধার করে প্রথমে ঈশ্বরদীতে ও পরে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও একটি গুলি উদ্ধার করে পুলিশ।
ওসি বিমান কুমার জানান, জাহাঙ্গীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী। গত ১৯ আগস্ট ভ্রাম্যমাণ আদালত মাদকের একটি মামলায় তাঁকে ছয় মাসের সাজা দেন। বেরিয়ে এসে জাহাঙ্গীর আবার ডাকাতি ও ছিনতাইয়ে জড়িয়ে পড়েন।
তবে জাহাঙ্গীরের মা জাহানারা বেগম অভিযোগ করেন, পুলিশ গুলি করে তাঁর ‘নিরপরাধ’ ছেলেকে হত্যা করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।