কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় দুজন ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় ১৩ বছরের এক শিশুকে তার প্রতিবেশী ধর্ষণ করেছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রী (১৮) ধর্ষণের শিকার হয়েছেন।

চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে গত রোববার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক তরুণকে (১৮) গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশের কাছে ধর্ষণের কথা স্বীকার করেছেন।

শিশুটির ভাই বলেন, গত রোববার রাত ১০টার দিকে ওই তরুণ তাঁর বোনকে বাড়ির পাশের বাগানে ডেকে নিয়ে যান। এরপর তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। পরে তাঁর বোন পরিবারের লোকজনকে ঘটনার কথা জানায়। পরে তাঁকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। গত সোমবার তার ভাই থানায় অভিযোগ করেন।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, অভিযোগ পাওয়ার পর তাঁরা আসামিকে গ্রেপ্তার করেছেন। ধর্ষণের ঘটনা তরুণটি স্বীকার করেছেন।

এদিকে আশুগঞ্জ উপজেলায় গত রোববার রাতে দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী ও পুলিশ জানায়, ওই ছাত্রী উপজেলার স্থানীয় একটি কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। কয়েক মাস আগে উপজেলার ভবানীপুর গ্রামের এক ছেলের (২০) সঙ্গে ওই ছাত্রীর পরিচয় হয়। এরপর তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটি ছাত্রীকে কয়েকবার বিয়ের কথাও বলেছেন। গত রোববার রাতে ছেলেটি ছাত্রীর বাড়িতে গিয়ে তাঁর ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করেন। এ সময় ওই ছাত্রীর চিৎকার শুনে পাশের ঘর থেকে তাঁর বাবা ছুটে এসে তাঁকে উদ্ধার করেন এবং ছেলেটিকে আটক করেন। খবর পেয়ে আশুগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। গতকাল আশুগঞ্জ থানায় ছাত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন।