কুমিল্লা কলেজে ছাত্রলীগের তাণ্ডব
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল বুধবার সকালে কুমিল্লা সরকারি কলেজে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ সময় চারটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। ছাত্রলীগের তাণ্ডবের পর কলেজের ক্লাস বন্ধ হয়ে যায়। এ সময় আতঙ্কে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কলেজের পাঁচজন শিক্ষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২০১৪ সালের উচ্চমাধ্যমিক শ্রেণির অকৃতকার্য শিক্ষার্থী ও কলেজ ছাত্রলীগের সদস্য আবদুল হাদির সঙ্গে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম সারোয়ার ওরফে শিপনের অনুসারীদের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল সকাল ১০টায় আবদুল হাদির নেতৃত্বে ছাত্রলীগের একদল বহিরাগত সন্ত্রাসী কলেজ ফটকের সামনে আট-দশটি মোটরসাইকেল নিয়ে অবস্থান নেয়। ওই সময়ে তারা কলেজের শিক্ষার্থীদের কটাক্ষ করে উসকানিমূলক কথা বলতে থাকলে গোলাম সারোয়ারের অনুসারী মো. সজীব নামে ছাত্রলীগের এক কর্মী তাদের বাধা দেন। এ সময় সজীবকে ধাওয়া করে হাদি পক্ষের বহিরাগত লোকজন।
খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় গোলাম সারোয়ারের অনুসারী ছোটরা, বাগিচাগাঁও, রেসকোর্স ও কালিয়াজুরি এলাকার ২০-২৫ জন বহিরাগত অতর্কিতভাবে কলেজে ঢুকে হাদির অনুসারী মিশু, প্রান্ত, জুয়েল ও তিয়াসকে খুঁজতে থাকে। এ সময় হাদির পক্ষের অনুসারীরা অবস্থা বেগতিক দেখে ইটপাটকেল নিক্ষেপ করে কলেজের দেয়াল টপকে পালিয়ে যায়। পরে গোলাম সারোয়ারের অনুসারীরা কলেজের বিভিন্ন শ্রেণিকক্ষে ঢুকে হাদির লোকজনকে খুঁজতে থাকে। এরপর তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় ও নয়টি ফাঁকা গুলি ছোড়ে। তারা কলেজের কমনরুম, প্রশাসনিক ভবনের নিচতলার একটি কক্ষের জানালার কাচ ও চারটি মোটরসাইকেল ভাঙচুর করে।
এ ঘটনায় ছোটাছুটির সময় আতঙ্কে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। এ সময় ইব্রাহিম হাসান ও মশিউর রহমান নামের দুই শিক্ষার্থী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসার আগেই বহিরাগত লোকজন পালিয়ে যায়।
এ ব্যাপারে কলেজ শাখা ছাত্রলীগের সদস্য আবদুল হাদি বলেন, ‘গাজী গোলাম সারোয়ারের নেতৃত্বে বহিরাগতরা কলেজে এসে আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম সারোয়ার বলেন, ‘সজীব নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আমাদের ছেলেরা হাদিকে ধাওয়া করে। তবে এ ঘটনার সময় আমি কলেজে ছিলাম না।’
কলেজের অধ্যক্ষ মো. ইয়াকুব আলী বলেন, ১৫ দিন ধরে ছাত্রলীগের হাদির পক্ষের ছেলেরা কলেজ ফটকের সামনে মোটরসাইকেল নিয়ে এসে ছাত্রীদের উত্ত্যক্ত করছিল। বিষয়টি ছাত্রলীগের জ্যেষ্ঠ নেতাদের জানানো হলে কয়েক দিন সেটি বন্ধ থাকে। গতকাল হাদির পক্ষের লোকজন এক ছেলেকে মারধর করে। ওই খবর পেয়ে ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের নেতৃত্বে বহিরাগত লোকজন কলেজে এসে আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। ছাত্রলীগের সাবেক নেতারা বিষয়টি মীমাংসা করে দেবেন। তাই কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি। সংঘর্ষের পর কোনো ক্লাস হয়নি।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটেছে।