কুমিল্লা থেকে অপহৃত ব্যক্তি নোয়াখালীতে উদ্ধার
কুমিল্লার মনোহরগঞ্জ থেকে অপহৃত রুহুল আমিন (৫০) নামের এক ব্যক্তিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার মুছাপুর ইউনিয়নের বাংলাবাজার থেকে তাঁকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁরা হলেন ঢাকার মোহাম্মদপুরের মো. রাসেল (৩৩), শরীয়তপুরের শামীম (৩০) ও সিলেটের দাউদপুরের নাজির হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গত সোমবার রাতে একটি মাইক্রোবাসযোগে অজ্ঞাতপরিচয় সাত-আট ব্যক্তি মুছাপুরে আসে। তারা মাইক্রোবাসটি নিয়ে ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় ঘোরাঘুরি করতে থাকেন। এতে সন্দেহ হলে এলাকাবাসী গাড়িটির গতিরোধ করেন। তখন ভেতরে থাকা লোকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে শামিম, রাসেল ও নজিরকে ধরে পিটুনি দেন স্থানীয় লোকজন। গাড়িতে থাকা বাকিরা এ সময় পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ওই তিনজনকে আটক করে থানায় নেয়।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটক ব্যক্তিরা গত রোববার কুমিল্লার মনোহরগঞ্জ থেকে রুহুল আমিন নামের এক ব্যক্তিকে অপহরণ করে এ এলাকায় এনেছেন বলে জানান। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল সকালে মৌলভীবাজরের পাশের বাংলাবাজার এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, প্রাথমিক তদন্তে মাদক ব্যবসার টাকা নিয়ে বিরোধের জের ধরে রুহুল আমিনকে অপহরণ করা হয় বলে নিশ্চিত হওয়া গেছে। এলাকাবাসীর ধাওয়ার মুখে অপহরণকারীরা পালানোর সময় রুহুলও তাঁদের সঙ্গে ছিলেন। পরে অপহরণকারীরা তাঁকে ছেড়ে অন্যত্র পালায়।