কুমিল্লা মেডিকেলে তরুণী ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এক তরুণী ধর্ষণের শিকার হয়েছেন। এক ব্যক্তি তাঁকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে হাসপাতালের চারতলার নামাজঘরে নিয়ে যান। পরে তাঁকে ধর্ষণ করেন। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
ধর্ষণের শিকার তরুণীর (১৮) বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার একটি গ্রামে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই তরুণী প্রথম আলোকে বলেন, ছোটবেলায় তাঁর বাবা মারা যান। এরপর মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেলে তিনি মামার বাড়িতে আশ্রয় নেন। তিনি সোমবার কুমিল্লা ইপিজেডের একটি কারখানায় চাকরির জন্য যান। সেখানে চাকরি না পেয়ে ইপিজেডের প্রধান ফটকে আসেন। সেখানে মধ্যবয়সী ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা হয়। একপর্যায়ে তাঁকে চাকরির প্রলোভন দেখিয়ে স্বাস্থ্য পরীক্ষার কথা বলে এ হাসপাতালে নিয়ে আসেন। এরপর একটি কক্ষে গিয়ে ওই ব্যক্তি কিছু একটা রেখে আসেন। পরে তাঁকে হাসপাতালের চারতলার নামাজঘরে নিয়ে যান। সেখানে ওই ব্যক্তি তাঁর মুখ চেপে ধরেন। এ সময় তিনি সংজ্ঞা হারিয়ে ফেলেন। প্রায় আধা ঘণ্টা পর সংজ্ঞা ফিরে পেলে নিজেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর ওই কক্ষ থেকে বেরিয়ে এলে নার্সরা দেখতে পেয়ে তাঁকে এই গাইনি বিভাগে নিয়ে আসেন।
গাইনি বিভাগের একজন নার্স প্রথম আলোকে বলেন, রক্তাক্ত ওই তরুণী ঠিকমতো দাঁড়াতেই পারছিলেন না। ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের আলামত মিলেছে। তরুণীকে নিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডের লোকদের দেখানো হচ্ছে। কিন্তু তিনি ধর্ষককে শনাক্ত করতে পারছেন না। তরুণী বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছেন। কিন্তু তাঁর স্বজনদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
হাসপাতালের অন্তত তিনজন চিকিৎসক ও কর্মচারী বলেন, এ ঘটনায় হাসপাতালেরই কেউ জড়িত। বাইরের কোনো লোক এখানে মেয়ে এনে ধর্ষণ করার সাহস পাবে না। তার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
হাসপাতালের পরিচালক স্বপন কুমার অধিকারী বলেন, ‘চতুর্থ তলায় নামাজঘরে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে বলে জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ধর্ষককে শনাক্ত করার চেষ্টা চলছে।’
কুমিল্লার কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বলেন, পুলিশ তদন্ত করে বিষয়টি উদ্ঘাটনের চেষ্টা করছে।