কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলর গ্রেপ্তার
চাঁদা দাবির অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. বিল্লালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত পৌনে ১০টার দিকে নগরের ছোটরা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নগরের ছোটরা এলাকার মূল সড়কের মধ্যে খাম্বা বসিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে গত রোববার কাউন্সিলর বিল্লালের বিরুদ্ধে মামলা করেন ওই এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম ওরফে অপু।
এরপর পুলিশ বিষয়টি তদন্ত করে গত সোমবার রাতে ছোটরা এলাকায় নিজ বাসার সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে। এর আগেও তিনি ছোটরা তোয়া হাউজিং এলাকায় বাড়ি নির্মাণ করতে চাঁদা না দেওয়ায় এক আইনজীবীর বাসায় ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে হাউজিংয়ের বিভিন্ন বাসায় চাঁদা দাবিরও অভিযোগ আছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছিল। এসব মামলায় তিনি জামিনে ছিলেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, চাঁদা দাবির অভিযোগে কাউন্সিলর বিল্লালকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী।