কুমিল্লা সীমান্ত থেকে অস্ত্রসহ বিএসএফের দুই সদস্য আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভেতরে ঢুকে হামলা ও ভাঙচুর করায় কুমিল্লা সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের দুই সদস্যকে অস্ত্রসহ আটক করে বিজিবির হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। গতকাল মঙ্গলবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের বলেরঢেপা গ্রামে এ ঘটনা ঘটে।
বিএসএফের আটক দুই সদস্য হলেন সিপাহি রবিউল ইসলাম ও মুকেশ কুমার। তাঁরা ১৪৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্য। ১০ বিজিবি কুমিল্লার অধিনায়ক লে. কর্নেল মোখলেছুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সুভানগর গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গতকাল মঙ্গলবার সকাল আটটার দিকে ভারতীয় সীমান্ত দিয়ে গরু নিয়ে আসছিলেন আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তি। ওই সময় গরু ব্যবসায়ী রাজ্জাককে ধাওয়া করেন বিএসএফের তিন সদস্য। ধাওয়া করতে গিয়ে তাঁরা বাংলাদেশ সীমান্তের ২০০ গজ ভেতরে সুভানগর গ্রামে ঢুকে পড়ে কমপক্ষে চারটি গুলি ছোড়েন। তাঁরা রাজ্জাককে ধরতে না পেরে ওই গ্রামের মোস্তফা কামাল (৪৫) নামের এক ব্যক্তির মাথায় রাইফেলের বাঁট দিয়ে আঘাত করেন। কামালের চিৎকারে গ্রামবাসী প্রতিরোধ করতে এগিয়ে এলে বিএসএফের এক সদস্য পালিয়ে যান। অন্য দুই সদস্যকে গ্রামবাসী আটক করে। খবর পেয়ে বৌয়ারা বাজার বিওপির (বর্ডার অপারেশন পোস্ট) বিজিবি সদস্যরা এসে দুটি রাইফেল, গোলাবারুদ, দুটি ওয়াকিটকিসহ আটক করে তাঁদের ক্যাম্পে নিয়ে যান।