কুমিল্লায় আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের কান্দিরপাড় ও ছাতিপট্টি এলাকায় গতকাল রোববার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের চারজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষ চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির কার্যালয়ের আসবাব ভাঙচুর করেন ও পুড়িয়ে দেন।
এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শটগানের শতাধিক গুলি ও কাঁদানে গ্যাসের ২৭টি শেল নিক্ষেপ করে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মী, পুলিশ এবং সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সংগঠনটির ডাকে গতকাল নগরে হরতাল চলছিল। সকাল সাড়ে ১০টায় ছাতিপট্টি এলাকায় আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল থেকে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। বিএনপির নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় কোতায়ালি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ সামসুজ্জামানসহ পুলিশের চার সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে দুপুর ১২টায় কান্দিরপাড় এলাকায় আওয়ামী লীগের মিছিলের পেছনের দিকে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। তখন সংগঠনের নেতা-কর্মীরা ফাঁকা গুলি ছুড়ে কান্দিরপাড়ে বিএনপির কার্যালয়ে ঢুকে চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় বাধা দিতে গেলে কুমিল্লা নগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এ কে সায়েদ পান্নার পায়ে, ছাত্রদলের কর্মী রুবেল ও সাইফুদ্দিনের মাথায় এবং আনোয়ার হোসেনের হাতে গুলি লাগে। তাঁদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে ওই হাসপাতালের চিকিৎসক রাসেল আহমেদ বলেন, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালে আনার পর রুবেল ও সাইফুদ্দিনকে ঢাকায় পাঠানো হয়।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লা বলেন, ‘আওয়ামী লীগের নেতা-কর্মীরা আমাদের নেতা-কর্মীদের গুলি করে। তারা দলীয় কার্যালয় ও কান্দিরপাড় এলাকার কয়েকটি দোকান ভাঙচুর করে।’
অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আনিসুর রহমান বলেন, ‘বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা আওয়ামী লীগের মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটায়। ওই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটে।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।