কুমিল্লায় ছাত্রলীগের দুই পক্ষের গোলাগুলি, নেতা গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মিসভা শেষ করে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক চলে যাওয়ার পরপরই গতকাল শনিবার বিকেলে কুমিল্লা নগরের কান্দিরপাড় এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে সাইফুলের অবস্থা আশঙ্কাজনক।
সংঘর্ষের সময় আতঙ্কে আশপাশের সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর ছাত্রলীগের বিবদমান পক্ষগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে ও সরেজমিনে দেখা গেছে, বেলা তিনটায় নগরের কান্দিরপাড় এলাকার কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের কর্মিসভা হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম উপস্থিত ছিলেন। বিকেল পাঁচটা ১০ মিনিটে কর্মিসভা শেষ করে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের গাড়িবহর টাউন হল থেকে বেরিয়ে যায়।
এর পরপরই রেলপথমন্ত্রী মো. মুজিবুল হকের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরা নগরের কান্দিরপাড় পূবালী চত্বরে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। তখন কুমিল্লা-৬ আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিনের অনুসারী ছাত্রলীগের নেতা-কর্মীরাও পাল্টা ককটেলের বিস্ফোরণ ঘটান। একপর্যায়ে উভয় পক্ষ পাল্টাপাল্টি গুলি ছোড়ে। এ সময় সাংসদ বাহাউদ্দিনের অনুসারী কুমিল্লা শহর ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম গুলিবিদ্ধ হয়ে কান্দিরপাড় এলাকার একটি দোকানের সিঁড়িতে লুটিয়ে পড়েন। তাঁর বুকের পাশে গুলি লাগে। গুলিবিদ্ধ হওয়ার পর সিঁড়ির মধ্যে পড়ে ছিলেন সাইফুল। প্রচুর রক্তক্ষরণ হওয়ার পর তাঁকে উদ্ধার করে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার মুন হাসপাতালে নেওয়া হয়। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
সাইফুল গুলিবিদ্ধ হওয়ার পর কান্দিরপাড় এলাকায় শতাধিক গুলির শব্দ শোনা যায়। তখন এক পক্ষ আরেক পক্ষের ওপর পুনরায় গুলি করে। এ সময় পিস্তল, কাটা রাইফেল, বন্দুক, দা, ছেনিসহ উভয় পক্ষকে সশস্ত্র অবস্থায় দেখা যায়। ছিল উঠতি বয়সী ছেলেদের পিঠে অস্ত্রভর্তি ব্যাগও। এরপর অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। খবর পেয়ে সাংসদ আ ক ম বাহাউদ্দিন নগরের মুন হাসপাতালে গুরুতর আহত সাইফুল ইসলামকে দেখতে যান।
জানতে চাইলে রেলপথমন্ত্রীর অনুসারী কুমিল্লা শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস বলেন, ‘কর্মিসভা শুরুর আগেই টাউন হল এলাকায় ছাত্রলীগের নেতা গোলাম সারওয়ার কাউসারকে মারধর করা হয়। এরপর কুমিল্লা সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি এমদাদুল হক ও ছাত্রলীগের কর্মী ফয়েজকে মারধর করা হয়। প্রতিপক্ষ আমাদের ওপর গুলি করে। আমরা আগে ককটেলের বিস্ফোরণ ঘটাইনি।’
সাংসদের অনুসারী কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, ‘রেলপথমন্ত্রীর অনুসারীরা আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। তারা সাইফুলকে গুলি করে।’
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ‘দুই পক্ষকে নিয়ন্ত্রণে আনতে না পেরে আমরা কাঁদানে গ্যাসের ৫০টি শেল নিক্ষেপ করি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’