কুমিল্লায় জমি নিয়ে বিরোধে মুক্তিযোদ্ধা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড় ধর্মপুর গ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির (৭০) নামের এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। দুই পক্ষের মারামারির সময় প্রতিপক্ষের মুক্তাদির হোসেনও আহত হন। গতকাল সোমবার এ ঘটনা ঘটে।

সদর দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আইয়ুব বলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের মুক্তিযোদ্ধা হুমায়ুনের সঙ্গে একই গ্রামের মুক্তাদিরের দীর্ঘদিন ধরেই জমি নিয়ে বিরোধ ছিল।

এরই জের ধরে গতকাল সকাল ১০টায় তাঁদের মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা ও পরে মারামারি হয়। এরই একপর্যায়ে মুক্তাদির মুক্তিযোদ্ধা হুমায়ুনের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। মারামারিতে মুক্তাদিরও আহত হন।

সদর দক্ষিণ থানা সূত্রে জানা যায়, এ ঘটনায় হুমায়ুনের ছেলে ফয়সাল কবির বাদী হয়ে মুক্তাদিরকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।