কুমিল্লায় নদী দখল করে স্থাপনা নির্মাণ অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমতি না থাকা সত্ত্বেও কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাপ্তানবাজার এলাকায় গোমতী নদী দখল করে বিদ্যালয়ের জন্য স্থাপনা নির্মাণ অব্যাহত রেখেছেন জাতীয় পার্টির সংরক্ষিত আসনের মহিলা সাংসদ রওশন আরা মান্নান।
গত সোমবার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ছয় শর্তে কুমিল্লার আদর্শ সদর উপজেলার ডুমুরিয়া চান্দপুর মৌজায় তাজ রওশন হাইস্কুলকে শুধু খেলার মাঠ হিসেবে নদীর ৩০ শতক জায়গা অস্থায়ীভাবে ব্যবহারের অনুমোদন দেয়। কিন্তু কোনো ধরনের ইজারা দেয়নি। এর পরও সাংসদ সেখানে নির্মাণকাজ বন্ধ না করে আরসিসি পিলার ও টিনশেডের দোচালা ঘরের কাজ করছেন। দেড় মাস আগে তিনি ওই নির্মাণকাজ শুরু করেন। সাংসদ ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি।
সরেজমিনে গত মঙ্গলবার দুপুরে দেখা গেছে, গোমতী নদীর তীরে বাঁধের ৮ দশমিক ২০ কিলোমিটার পয়েন্টে আরসিসি পিলার করা হচ্ছে। ওই জায়গার পূর্ব পাশে দোচালা টিনের ঘর তোলা হয়েছে।
বাপাউবো কুমিল্লার পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (পওর) বিভাগের নির্বাহী প্রকৌশলী নূরুল আমিন বলেন, অস্থায়ীভাবে ব্যবহারের শর্ত অনুযায়ী ওই জায়গার মালিকানা বাপাউবোর থাকবে। স্কুল কর্তৃপক্ষ শুধু খেলার মাঠ হিসেবে ব্যবহার করবে। এ ছাড়া বাপাউবো বা সরকারের প্রয়োজনে অনুমতিপ্রাপ্ত ভূমি যেকোনো সময় তিনি ছেড়ে দিতে বাধ্য থাকবেন। সেই সঙ্গে তৃতীয় শর্তে বলা হয়, অনুমতিপ্রাপ্ত ভূমিতে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী স্থাপনা নির্মাণ করা যাবে না এবং নদীর স্বাভাবিক পানিপ্রবাহে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
সাংসদ রওশন আরা মান্নান বলেন, খেলার মাঠের মাটি যেন সরে না যায়, সে জন্য পিলার করা হচ্ছে। খেলাধুলা করতে আসা শিক্ষার্থীদের বিশ্রাম নেওয়ার জন্য দোচালা টিনের ঘর করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী নূরুল আমিন বলেন, পিলার স্থাপন থেকে বিরত থাকার জন্য চিঠি দেওয়া হয়েছে। এর পরও স্থাপনা নির্মাণ করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিত আকারে জানানো হবে।
কুমিল্লার জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল বলেন, নদীর মধ্যে কোনো ধরনের স্থায়ী ও অস্থায়ী স্থাপনা নির্মাণ না করার জন্য সাংসদ মহোদয়কে অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, ১ জানুয়ারি প্রথম আলোয় ‘নদী দখল করে স্কুলভবন নির্মাণ করছেন সাংসদ’ শীর্ষক একটি সচিত্র প্রতিবেদন ছাপা হয়।