কুমিল্লায় পাল্টাপাল্টি মামলা ও সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের বাঁশমঙ্গল এলাকায় আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় গত শুক্রবার পাল্টাপাল্টি মামলা হয়েছে। এ ছাড়া ওই দুই পক্ষ গতকাল শনিবার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও করেছে।
উপজেলা আওয়ামী লীগ ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল চারটার দিকে বাঁশমঙ্গল সড়কে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ পারভেজ খান ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল মাহমুদের অনুসারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় মাসুদ পারভেজের অনুসারী শহর যুবলীগের আহ্বায়ক কামাল চৌধুরী ও আবদুল্লাহ আল মাহমুদের অনুসারী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সদস্য কাউসার গুলিবিদ্ধ হন। এ ঘটনায় শুক্রবার রাতে আবদুল্লাহ আল মাহমুদ বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় মাসুদ পারভেজ খান ও তাঁর ভাই নাসির উল্লাহ খানকে আসামি করা হয়েছে। এ ছাড়া একই দিন রাতে মাসুদ পারভেজও একটি মামলা করেন। এতে আবদুল্লাহ আল মাহমুদ ও আমড়াতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কাজী মোজাম্মেল হকসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে গতকাল সকাল ১০টায় নগরের পুলিশ সুপার কমপ্লেক্স মার্কেটের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করেন আবদুল্লাহ আল মাহমুদ। তিনি ওই ঘটনার জন্য মাসুদ পারভেজ খানকে দায়ী করেন। এ সময় আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বেলা দুইটায় রানীর বাজারে কুমিল্লা শিল্প ও বণিক সমিতির সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলন করেন মাসুদ পারভেজ খান। তিনি ওই ঘটনার জন্য আবদুল্লাহ আল মাহমুদ ও তাঁর অনুসারীদের দায়ী করেন। এ সময় তাঁর সঙ্গে আমড়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান জানান, দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।