কুমিল্লায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধ' ডাকাত নিহত
কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফয়েজগঞ্জ এলাকায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ওই ‘বন্দুকযুদ্ধে’ পুলিশসহ অন্তত ছয়জন আহত হন।
কুমিল্লা জেলা ডিবি পুলিশের এসআই শাহ কামাল আকন্দ দাবি করেন, শুক্রবার গভীর রাতে লাকসামে ডিবি পুলিশ একটি বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা শহরে ফিরছিল। ভোর ৪টা ২৫ মিনিটে ফয়েজগঞ্জ এমআর ইটভাটার অদূরে আসামাত্র পুলিশের গাড়ি দেখে একটি বাসের যাত্রীরা ‘ডাকাত’ বলে চিৎকার শুরু করেন। পুলিশ সদস্যরা কিছু দূর এগিয়ে দেখতে পান ১২ থেকে ১৫ জনের একটি দল মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পুলিশ দেখে ডাকাতেরা গুলি ছোড়া শুরু করেন। এসআই শাহ কামাল বলেন, আত্মরক্ষার জন্য পুলিশও পাল্টা ১৯ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মনোহরগঞ্জ উপজেলার বড় নিকন্দ গ্রামের চিহ্নিত ডাকাত আবদুল কাদের। গুলিবিদ্ধ হন তাঁর সঙ্গী একই উপজেলার দিশাবন্দ গ্রামের সৌরভ চৌধুরী, গোয়ালিয়ারা গ্রামের নেয়ামত উল্লাহ ও চাঁদপুর সদর ষোলঘর গ্রামের জাহাঙ্গীর গাজী।
এসআই শাহ কামাল আকন্দ বলেন, তিনি নিজে, এসআই মাহফুজুর রহমান ও কনস্টেবল স্বপন কুমার দে এ সময় সামান্য আহত হন। পুলিশ এ সময় দিশাবন্দ গ্রামের শহীদুল ইসলাম বড় নিকন্দ গ্রামের জামাল উদ্দিন, তাহেরপুর গ্রামের মো. জুয়েল ও মো. বাবলু এবং চান্দিনা উপজেলার খৈসারা গ্রামের নোমান মিয়াকে গ্রেপ্তার করে। ঘটনাস্থল থেকে একটি শুটারগান, তিনটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, তিনটি ছুরি, পাঁচটি মুখোশ ও ডাকাতদের ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করে পুলিশ। গুলিবিদ্ধ তিন ডাকাত সৌরভ, নেয়ামত ও জাহাঙ্গীরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদেক বলেন, নিহত আবদুল কাদের একজন চিহ্নিত আন্তজেলা ডাকাত সর্দার।