কুমিল্লায় পোলট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের উজিরপুর বাজারে কামরুজ্জামান ওরফে টিটু (৪০) নামের এক পোলট্রি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। কামরুজ্জামান ধনুয়াইশ গ্রামের প্রয়াত আবদুর রহিমের ছেলে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, দীর্ঘদিন থেকে কামরুজ্জামানের সঙ্গে উজিরপুর গ্রামের আবুল হোসেনের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিস বৈঠকও হয়েছে। গতকাল সকালে কামরুজ্জামান ধনুয়াইশ গ্রামের নিজ বাড়ি থেকে কুমিল্লা শহরের উদ্দেশে রওনা হন। পথে উজিরপুর বাজারে চা পান করার জন্য নামেন তিনি। এ সময় সেখানে আবুল হোসেনের সঙ্গে তাঁর দেখা হয়। এরপর দুজন বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে আবুল হোসেন ও তাঁর অনুসারীরা কামরুজ্জামানকে চাপাতি দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। এতে মৃত্যুর কোলে ঢলে পড়েন কামরুজ্জামান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত কামরুজ্জামান এলাকায় মুরগির খামারের ব্যবসা করতেন।