কুমিল্লায় মেসে র‍্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লায় একটি মেসে অভিযান চালিয়ে অস্ত্র, গুলিসহ সাত যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। শহরতলির আদর্শ সদর উপজেলার ধর্মপুর এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখার উল্টোদিকের একটি মেসে গত শনিবার রাত সাড়ে ৯টা থেকে টানা ১৪ ঘণ্টা এই অভিযান চলে। মেসটির মালিক স্থানীয় ব্যবসায়ী সেলিম আহম্মদ।

গ্রেপ্তার যুবকেরা হলেন মো. সালাহ উদ্দিন ওরফে কাল্লু (২৮), মো. মামুন (২৫), আবদুর রহিম ওরফে বাবু (২০), বিল্লাল হোসেন (২৭), মো. নাহিদ (২০), ছাব্বির আহম্মদ (২৭) ও দৌলতপুর এলাকার ফজলে রাব্বী (২০।

র‍্যাব কুমিল্লার সিপিসি-২-এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার বলেন, আটক যুবকেরা কুমিল্লা শহরের অথবা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যেকোনো স্থানে গাড়ি থামিয়ে ডাকাতি করতে পারেন এমন তথ্য র‍্যাবের কাছে আসে। এ খবরের ভিত্তিতে র‍্যাবের সদস্যরা ধর্মপুর এলাকায় গিয়ে ওই মেসটি ঘিরে ফেলেন। দোতলা ভবনটির নিচতলায় তল্লাশি চালিয়ে দুটি রাইফেল, তিনটি একনলা বন্দুক, একটি পিস্তলের ম্যাগাজিন, পিস্তলের চারটি গুলি, একটি কার্তুজের খালি খোসা ও একটি রামদা উদ্ধার করা হয়।