কুমিল্লায় 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আজাদ খান নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি ছিনতাইকারী দলের সদস্য। ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও দুটি গুলি উদ্ধার করার দাবি করেছে পুলিশ।
গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে ‘বন্দুকযদ্ধের’ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আরও তিনজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন কাওসার খান, সায়েম হোসেন ও শাওন। তাঁরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনের ভাষ্য, উপজেলার আলেখারচর এলাকায় গোমতী নদীর বাঁধের ওপর ওই চারজন ছিনতাই করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। দুই পক্ষের গোলাগুলিতে আজাদ খান নামের এক যুবক গুলিবিদ্ধ হন।
আজাদ খানকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান। আটক ব্যক্তিদের ডিবি পুলিশের কার্যালয়ে রাখা হয়েছে। পুলিশের দাবি, আটক ব্যক্তিরা চুরি, ছিনতাইয়ের সঙ্গে জড়িত।