কুমিল্লার দগ্ধ ছয়জন বার্ন ইউনিটে ভর্তি

কুমিল্লার চৌদ্দগ্রামে ভোররাতে বাসে পেট্রলবোমা হামলায় দগ্ধ ছয় ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বার্ন ইউনিটে ভর্তি দগ্ধ ব্যক্তিরা হলেন রাশেদুল (২৫), মো. শফিকুল ( ১৮), মো. হানিফ ( ৩৫), মো. ফারুক (২৩), জিলক্বদ ( ২০) ও মো. আরিফ (২২)।
পেট্রলবোমায় পুড়ে কয়লা ৭আজ মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের শিক্ষক সাজ্জাদ খন্দকার। তিনি জানান, গতকাল রাতে ওই ঘটনার পর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১০ দগ্ধ রোগীকে ঢাকায় পাঠানো হয়। এঁদের মধ্যে ছয়জন বার্ন ইউনিটে এসেছেন এবং তাঁদের ভর্তি করা হয়েছে। বর্তমানে ওই রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সাজ্জাদ খন্দকারের দেওয়া তথ্যমতে, আগুনে রাশেদুলের ৮০ শতাংশ ও মো. শফিকুলের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া জিলক্বদের শরীরের ২০ শতাংশ, আরিফের ১০ শতাংশ, হানিফের ৭ শতাংশ ও ফারুকের ২ শতাংশ পুড়ে গেছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির অবৈতনিক উপদেষ্টা সামন্ত লাল সেন জানান, গতকাল প্রধানমন্ত্রী বার্ন ইউনিটের জন্য বিভিন্ন ব্যাংকের দেওয়া চার কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন। ওই টাকা দিয়ে ‘বার্নট ট্যাংক’ কেনা হবে। বার্নট ট্যাংক দিয়ে খুব সহজেই দগ্ধ রোগীদের ড্রেসিং করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।