কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের শিক্ষার্থীকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জের ধরে কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী রিফাতুল আলম ইমরানকে মেস থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ওই কলেজের মেডিসিন ক্লাবের বর্তমান সভাপতি ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে।
গতকাল বুধবার সকাল ১০টায় ওই শিক্ষার্থীকে নগরের পদুয়ার বাজার জাপান কমপ্লেক্সের মেস থেকে তুলে নেওয়া হয়। এরপর তাঁকে নগরের ঝাউতলা এলাকার মেডি হাসপাতালে নিয়ে লোহার রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। বর্তমানে ওই শিক্ষার্থী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে। রাত নয়টায় বিএমএ কুমিল্লা জেলা শাখা জরুরি বৈঠক করে।
জানা যায়, ২৪ এপ্রিল কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের ছাত্রলীগ-সমর্থিত মেডিসিন ক্লাবের সভাপতি সুমিত সাহা ও সাধারণ সম্পাদক নূরে আলম জীবন ওই কলেজের প্রাক্তন ছাত্র চিকিত্সক এনামুল হক তানভীর ও সাগর চক্রবর্তীর বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর স্ট্যাটাস দেন। এ ঘটনার জের ধরে গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় নগরের রেসকোর্স এলাকায় গিয়ে সুমিত সাহার কাছে স্ট্যাটাস দেওয়ার কারণ জানতে চান সাগর। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুমিতকে চড় দেন সাগর।
এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সকাল আটটায় সাগর চক্রবর্তীকে খুঁজতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দলবল নিয়ে যান সুমিত। সেখানে তাঁকে না পেয়ে পদুয়ার বাজার জাপান কমপ্লেক্সের সেন্ট্রাল মেডিকেল কলেজের মেসে যান সুমিত। সেখানেও তাঁকে না পেয়ে সাগরের অনুসারী রিফাতুল আলম ইমরানের কক্ষ ভাঙচুর করা হয়। এরপর রিফাতুলকে সেখান থেকে তুলে সিএনজিচালিত অটোরিকশা করে কুমিল্লা নগরের ঝাউতলা এলাকার মেডি হাসপাতালে আনা হয়। সেখানে প্রায় দুই ঘণ্টাব্যাপী রড দিয়ে পিটিয়ে জখম করা হয়। একপর্যায়ে ওই শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে নিরাপত্তার জন্য ওই শিক্ষার্থী ওই হাসপাতাল ছেড়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান। বর্তমানে সেখানে তিনি চিকিত্সাধীন।
খবর পেয়ে বিএমএ কুমিল্লা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আউয়াল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও স্বাধীনতা চিকিত্সক পরিষদ (স্বাচিপ) কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক চিকিত্সক মোরশেদুল আলম হাসপাতালে যান। এরপর বিষয়টি সদর দক্ষিণ মডেল থানা-পুলিশকে জানানো হয়।