কুমিল্লায় অস্ত্রসহ একজন গ্রেপ্তার
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার উত্তর হাজতিয়া গ্রাম থেকে নাসির মজুমদার (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত রোববার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের ভাষ্যমতে, নাসির একজন অস্ত্র ব্যবসায়ী। র্যাব তাঁর গ্রামের বাড়ি উত্তর হাজতিয়া থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, একটি ওয়ান শুটারগান, একটি তাজা গুলি, দুটি চায়নিজ কুড়াল, একটি চাপাতি, একটি রামদা, মুঠোফোনের দুটি সেট ও তিনটি সিম কার্ড জব্দ করেছে। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত থেকে অস্ত্র এনে এলাকায় বিক্রি করছেন। তাঁর বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটায় র্যাব-১১ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মো. মোস্তফা কায়জারের নেতৃত্বে উত্তর হাজতিয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় নাসির মজুমদারকে ওই গ্রামে অবস্থিত তাঁর বাড়ি থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।