কুমিল্লায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আবদুল মান্নানকে (৬৫) কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
নিহত আবদুল মান্নানের বাড়ি উপজেলার মদিনগর গ্রামে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে।
নিহত ব্যক্তির স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটায় মদিনগর গ্রামের রাস্তার মাথা থেকে চার কিশোর ইজিবাইকে করে কুমিল্লা শহরের দিকে যেতে চায়। ওই সময় রাজাপুর গ্রামের এক ইজিবাইকের চালক তাদের নিতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে তারা চালককে মারধর করে। এরপর চালক তাঁর বাড়িতে এসে দলবল নিয়ে ঘটনাস্থলে যান। একপর্যায়ে সেখানে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। তখন ওই পথ দিয়ে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাচ্ছিলেন আবদুল মান্নান। তিনি দুই পক্ষের ঝগড়া থামাতে যান। এ সময় হঠাৎ কে বা কারা তাঁর মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে মাথায় পাঁচটি সেলাই দেওয়ার পর তাঁকে নগরের ঝাউলতলা এলাকার বিশেষায়িত মুন হাসপাতালে নেওয়া হয়। সেখানেও অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বিকেলে সাড়ে চারটার দিকে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর এলাকায় তিনি মারা যান। নিহত ব্যক্তি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে যান।
কোতোয়ালি মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। গতকাল রাতে তাঁর লাশ কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে রাখা হয়েছে। আজ ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।