কুমিল্লায় ইন্টার্ন চিকিত্সকদের ওপর হামলা, আহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিত্সকদের মাসিক ভাতা ১৫ হাজার টাকা করে দেওয়ার দাবিতে আন্দোলনরত কুমিল্লার সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিত্সকদের ওপর গতকাল সোমবার হামলা চালিয়েছে একদল বহিরাগত। এতে অন্তত সাতজন শিক্ষানবিশ চিকিত্সক আহত হন।
বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাগোয়া পদুয়ার বাজার এলাকায় অবস্থিত ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষানবিশ চিকিত্সকেরা সব ধরনের চিকিত্সা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন।
আন্দোলনরত ইন্টার্ন চিকিত্সকেরা জানিয়েছেন, চলতি বছরের ৪ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন মেডিকেল কলেজে কর্মরত শিক্ষানবিশ চিকিত্সকদের মাসিক ভাতা ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা পুনর্নির্ধারণ করে। মন্ত্রণালয়ের ওই আদেশের পরিপ্রেক্ষিতে ১৭ আগস্ট এই হাসপাতালের ৬৯ জন চিকিত্সক মাসিক ভাতা বাড়ানোর জন্য হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে আবেদন করেন। কিন্তু দীর্ঘদিনেও ওই দাবি পূরণ হয়নি। এর পরিপ্রেক্ষিতে দুই দফা আন্দোলন করেন চিকিত্সকেরা। এতেও কোনো কাজ হয়নি। উল্টো চিকিত্সকদের যাতায়াতের বাস বন্ধ করে দেওয়া হয়। এরপর গতকাল সকালে চিকিত্সকেরা জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব ধরনের চিকিত্সা কার্যক্রম বন্ধ করে দিয়ে হাসপাতাল এলাকায় অবস্থান নেন।
চিকিৎসকদের ভাষ্য, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষের ইন্ধনে পদুয়ার বাজার এলাকার বহিরাগত আবদুল মান্নান আন্দোলনরত চিকিত্সকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে চিকিত্সক শাহ মো. ফারুক হোসেনের সঙ্গে তাঁর হাতাহাতি হয়। এর আধা ঘণ্টা পর হাসপাতালের সামনে এসে অতর্কিত আন্দোলনরত চিকিত্সকদের ওপর হামলা চালায় ১৫-২০ জন বহিরাগত। এতে শিক্ষানবিশ চিকিত্সক জাকির হোসেন, হোসাইন মো. ইব্রাহীম, শাহ মো. ফারুক হোসেন, নাঈমুল ইসলাম, অসীম পারভেজ, সিফাত মালেকসহ সাতজন আহত হন। তাঁদের সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আন্দোলনরত চিকিত্সকদের পক্ষে মো. ফখরুল আবেদীন দাবি করেন, দেশের সব কটি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মাসিক ভাতা বাড়ানো হয়েছে। কিন্তু এখানে ভাতা বাড়ানো হয়নি। উল্টো বহিরাগতদের ডেকে এনে হামলা চালানো হয়েছে। হামলার প্রতিবাদে তাঁদের কর্মবিরতি অব্যাহত থাকবে।
যোগাযোগ করলে হাসপাতালের তত্ত্বাবধায়ক শফিকুল হায়দার চৌধুরী বলেন, বেসরকারি মেডিকেল কলেজের অ্যাসোসিয়েশন এখনো শিক্ষানবিশ চিকিত্সকদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়নি। সেখান থেকে সিদ্ধান্ত হলে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে। যাঁরা আন্দোলন করছেন তাঁদের কাছ থেকে ভর্তির সময় ইন্টার্নি ফি নেওয়া হয়নি। তবু তাঁদের ১০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘কারা চিকিত্সকদের ওপর হামলা করেছে, জানি না। মান্নান নামের কেউ এখানে আছেন কি না আমার জানা নেই।’