কুমিল্লায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
কুমিল্লা শহরতলির সাতরা এলাকায় মো. সোহাগ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাহবুব হোসেন (৩২) নামের আরও এক যুবক আহত হন। আজ শনিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, পারভেজ হোসেন নামের এক ব্যক্তি কুমিল্লা নগরের সাতরা এলাকায় ভাড়া থাকেন। পারভেজের সঙ্গে সোহাগ ও মাহবুবের বন্ধুত্ব হয়। একপর্যায়ে পারভেজের স্ত্রীর সঙ্গে সোহাগ ও মাহবুব অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে আজ সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে সোহাগ ও মাহবুবকে সাতরা এলাকায় ডেকে নেয় পারভেজ। কথাকাটাকাটির একপর্যায়ে পারভেজ এলোপাতাড়ি লাঠি দিয়ে পিটিয়ে সোহাগ ও মাহবুবকে জখম করে। এর পর রাস্তার পাশের একটি নালার কাছে তাঁদের ফেলে রাখে। এলাকাবাসী তাঁদের উদ্ধার করে নগরের একটি হাসপাতালে নেয়। রাত সাড়ে আটটায় চিকিৎসাধীন অবস্থায় সোহাগ মারা যান। তাঁর মাথা, পিঠ ও পেটে জখমের চিহ্ন রয়েছে। সোহাগের বাড়ি কুমিল্লা নগরের শাসনগাছা এলাকায়। আর মাহবুব নগরের ট্রমা সেন্টারে চিকিৎসাধীন। তার ডান পা ভেঙে গেছে। শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার পর থেকে পারভেজ ও তাঁর স্ত্রী পলাতক রয়েছেন। লাশ পুলিশ হেফাজতে রয়েছে।