কুমিল্লায় এবার শিশুর বস্তাবন্দী লাশ
কুমিল্লার মনোহরগঞ্জে এবার এক শিশুর বস্তাভর্তি লাশ পাওয়া গেছে। উপজেলার মনোহরগঞ্জ বাজারের একটি স্টিলের আসবাব তৈরির কারখানার পেছন থেকে গতকাল মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মো. রিয়াদ (৯) উপজেলার দিশাবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় রিয়াদের বাবা মো. খোকন মিয়া মনোহরগঞ্জ থানায় অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
এর আগে গত শনিবার কুমিল্লা শহরের দক্ষিণ রসুলপুর এলাকায় দুই সহোদর মেহেদী হাসান জয় (৮) ও মেজবাউল হক মনিকে (৬) হত্যা করা হয়। পরদিন রোববার বিকেলে লাকসাম উপজেলার ছোট চানপুর এলাকার একটি ডোবা থেকে মোহাম্মদ হোসেন সোহাগ নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে কুমিল্লায় গত চার দিনে চারটি শিশুর লাশ উদ্ধার হলো।
রিয়াদের বাবা খোকন মিয়া মনোহরগঞ্জ বাজারের তাজমহল হোটেলের কর্মচারী। তিনি বলেন, গত সোমবার সন্ধ্যায় উপজেলার দিশাবন্দ গ্রামের বাড়ি থেকে মনোহরগঞ্জ বাজারে যায় রিয়াদ। রাত সাড়ে ১০টা পর্যন্ত রিয়াদকে বাজারে ঘোরাঘুরি করতে দেখেন তিনি। এরপর থেকে আর তার হদিস পাওয়া যায়নি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। গতকাল সকাল সাড়ে সাতটায় ব্যবসায়ীরা মনোহরগঞ্জ বাজারের খোরশেদ আলমের স্টিলের আসবাব তৈরির কারখানার পেছনে পরিত্যক্ত একটি মার্কেটের সামনে খোলা জায়গায় প্লাস্টিকের বস্তাবন্দী লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ রিয়াদের লাশটি উদ্ধার করে।
খোকন মিয়া ও নয়ন আক্তারের তিন ছেলে ও এক মেয়ের মধ্যে রিয়াদ দ্বিতীয়। পরিবারের সদস্যরা হত্যাকাণ্ডের জন্য কাউকে সন্দেহ কিংবা কোনো কারণ উল্লেখ করতে পারেননি। মা নয়ন আক্তার বলেন, তাঁদের সঙ্গে কারও বিরোধ ছিল না।
মনোহরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। গলায়, ডান চোখের ওপরে ও কপালে ভারী কিছু দিয়ে থেঁতলে দেওয়ার একাধিক চিহ্ন রয়েছে। ধারণা করা যাচ্ছে, দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে লাশটি বস্তাবন্দী করে ফেলে গেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল ও কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন ঘটনাস্থলে যান। এ সময় লাশ দাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের ১০ হাজার দেওয়া হয়।