কুমিল্লায় ও শেরপুরে দুই ব্যক্তি খুন
শেরপুর সদরে গতকাল বুধবার জমি নিয়ে বিরোধে মো. নজরুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। কুমিল্লার হোমনা উপজেলায় গত মঙ্গলবার জুয়া খেলাকে কেন্দ্র করে সাদেক মিয়া (৩৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাড়ে ১৭ শতাংশ জমি নিয়ে পাকুরিয়া ইউনিয়নের খামারপাড়া গ্রামের নজরুলের সঙ্গে প্রতিবেশী সোবহান ও রমজানের বিরোধ চলছিল। গতকাল ভোর ছয়টার দিকে নজরুল ওই জমিতে গেলে সোবহান ও রমজানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জন লোক তাঁর ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। আত্মীয়স্বজন ও স্থানীয় ব্যক্তিরা নজরুলকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নজরুলের ছেলে নাসিম উদ্দিন মামলা করেছেন। আমেনা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
হোমনা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ঘনিয়ারচর গ্রামের সাদি মিয়া, মো. সুমন, মো. ইসমাইল, বিপ্লব, শওকত হোসেন, মাসুম মিয়াসহ কয়েকজনের সঙ্গে পাওনা টাকা নিয়ে সাদেকের বিরোধ ছিল। ওই গ্রামের বড় চকের একটি ঘরে গত মঙ্গলবার দুপুরে সাদেক তাঁদের সঙ্গে জুয়া খেলছিলেন। এ সময় তাঁরা সাদেককে এলোপাতাড়ি দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত ও একটি পা দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলেন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। এদিকে খবর পেয়ে পুলিশ ওই ঘরের পাশের একটি পাটখেত থেকে ওই পা উদ্ধার করে।