কুমিল্লায় কুপিয়ে স্ত্রীকে হত্যা করলেন স্বামী!
কুমিল্লার মুরাদনগর উপজেলার জানঘর গ্রামে গতকাল সোমবার নীলা আক্তার (২৯) নামের এক গৃহবধূকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। পারিবারিক কলহের জের ধরে তাঁর স্বামী এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত নারীর সন্তান ও স্থানীয়দের বরাত দিয়ে মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, উপজেলার পূর্ব পূর্বধৈইর ইউনিয়নের জানঘর গ্রামের আমিনুল ইসলাম (৩৮) গতকাল ভোরে তাঁর স্ত্রী নীলাকে প্রথমে দা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তাঁর মৃত্যু নিশ্চিত করতে জবাই করেন। এ সময় তাঁদের বড় মেয়ে আঁখি আক্তার মৌসুমি (৯) চিৎকার-চেঁচামেচি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। কিন্তু ঘরের প্রধান ফটক বন্ধ থাকায় তাঁরা কিছু করতে পারেননি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার ও আমিনুলকে গ্রেপ্তার করে।
মুরাদনগর থানার ওসি নাজিম উদ্দিন জানান, আমিনুল জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, পারিবারিক কলহের জের ধরে তিনি স্ত্রীকে হত্যা করেছেন। এ ঘটনায় নীলার ভাই আল আমিন বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। আদালতের মাধ্যমে আমিনুলকে কুমিল্লার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
এই দম্পতির আঁখি ছাড়াও অনীক মিয়া (৪) ও অনীকা আক্তার নামে দেড় বছরের দুটি ছেলেমেয়ে রয়েছে। তারা ঘটনার সময় ঘুমিয়ে ছিল।