কুমিল্লায় খামারের শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার আদর্শ সদর উপজেলার ছমুহারপাড়া গ্রামের একটি মাছের খামার থেকে গতকাল মঙ্গলবার এক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথার পেছনে ধারালো অস্ত্রের একাধিক কোপের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত ব্যক্তির নাম মাহবুব আলম (২৫)। তিনি দৈয়ারা গ্রামের আবদুল লতিফের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মাহবুব আলম ছমুহারপাড়া গ্রামের আরিফুল ইসলামের মালিকানাধীন একটি মুরগি ও মাছের খামারের শ্রমিক হিসেবে কাজ করতেন।
আরিফুল প্রায় দুই মাস আগে মাদক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তাঁর অবর্তমানে মাহবুব ওই খামারের দায়িত্বে ছিলেন। গতকাল দুপুরের দিকে গ্রামবাসী খামারের পাশে একটি উঁচু জায়গায় তাঁর মরদেহ দেখে পুলিশকে খবর দেন।
পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠায়।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, মাহবুবকে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যা মামলা হবে।