ইউপি সদস্যের বিরুদ্ধে ব্যবসায়ীকে গুলি করে হত্যার অভিযোগ
কুমিল্লা আদর্শ সদর উপজেলায় গুলি করে এক ব্যবসায়ীকে হত্যা ও বাড়িতে ঢুকে তিনজনকে গুলি করা হয়েছে। হতাহতদের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতা ও নির্বাচনকে কেন্দ্র করে দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) মোহাম্মদ সেলিম মিয়া স্বজন ও সমর্থকদের নিয়ে এই হামলা করেছে।
আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ওই ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম এ কে এম রকিবউদ্দিন (৪৫)। তিনি ডেকোরেটর ব্যবসায়ী। গুলিবিদ্ধ তিনজন হলো, বাংলাদেশ উন্মুক্ত বিদ্যালয়ের কুমিল্লা কেন্দ্রের দশম শ্রেণির শিক্ষার্থী ফাহিম আহমেদ, সাইফুল ইসলাম (৪০) ও মো. রিপন (২১)। তাদের মধ্যে সাইফুল ও রিপন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় ফাহিমকে ঢাকায় পাঠানো হয়েছে।
ফাহিমের মা রওশন আরা, সাইফুলের স্ত্রী নাজমুন নাহার ও ছোট ভাইয়ের স্ত্রী রুমি আক্তারের অভিযোগ, নোয়াপাড়া মসজিদ গলির ভেতরে অবস্থিত আবদুল হাকিম ঠিকাদারের বাড়িতে সশস্ত্র অবস্থায় ঢোকেন ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ সেলিম মিয়া, তাঁর ছেলে মো. রাসেল, ভাতিজা আরিফ হোসেনসহ অন্তত ১০ থেকে ১২ জনের একটি দল। ওই সময়ে তাঁরা বাড়ির ফটক ও দরজা ভেঙে প্রথমে সাইফুলের ঘরে ঢোকেন। বাসার লোকজন চিৎকার শুরু করলে হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। একপর্যায়ে তারা সাইফুলের বুকে গুলি করে। এরপর তাঁর সঙ্গে ঘুমিয়ে থাকা দোকানের কর্মচারী রিপনের হাতে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ সময় পাশের ঘর থেকে চাচা সাইফুলকে বাঁচাতে ভাতিজা ফাহিম এগিয়ে যায়। তাঁকে বাড়ির উঠানের মধ্যে ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করা হয়। সেখান থেকে বেরিয়ে পালিয়ে যাওয়ার সময় হামলাকারীদের সঙ্গে সাইফুলের বন্ধু ডেকোরেটর ব্যবসায়ী এ কে এম রকিবউদ্দিনের দেখা হয়। রাস্তার মধ্যে রকিবউদ্দিনের মাথায় গুলি করা হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এরপর হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
অভিযোগের ব্যাপারে জানতে ইউপি সদস্য সেলিম মেম্বারের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তাঁদের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।
নিহত রকিবউদ্দিনের ভাই এ কে এম রাশেদ মাসুম বলেন, গত ২৩ এপ্রিল ইউনিয়ন পরিষদ নির্বাচন ছিল। ওই নির্বাচনে রকিবউদ্দিন তাঁর বন্ধু সাইফুলের সঙ্গে মিলে বাবুল আহম্মেদ নামের ফুটবল প্রতীকের মেম্বার প্রার্থীর পক্ষে কাজ করেন। এতে ক্ষুদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বৈদ্যুতিক পাখা প্রতীকের মোহাম্মদ সেলিম মিয়া ও তাঁর অনুসারীরা ওই কাজ করেছে। সেলিম মিয়া নির্বাচনে জেতার পরও এ কাজ করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ ও আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সকাল ১০টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মো. আলী আশরাফ ভূঞা, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ইমতিয়াজ আহমেদ ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে যান। এ সময় তাঁরা পরিবারের সদস্যদের বিচারের আশ্বাস দেন।
কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন বলেন, পূর্বশত্রুতা ও নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।