কুমিল্লায় গৃহবধূ খুন, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বরুড়া উপজেলার আদমপুর গ্রামে অজুফা খাতুন নামের এক গৃহবধূ খুন হয়েছেন। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁকে কোদাল দিয়ে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বরুড়া থানায় ছয়জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। আসামিরা হলেন প্রতিবেশী হুমায়ুন কবির, তাঁর স্ত্রী আছিয়া বেগম এবং তাঁর চার ছেলে কবির হোসেন, খলিলুর রহমান, শরীফ হোসেন ও আরিফ হোসেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বাড়ির সীমানা নিয়ে অজুফার (৫৫) স্বামী দুধ মিয়ার সঙ্গে প্রতিবেশী হুমায়ুন কবিরের পরিবারের বিরোধ চলে আসছিল। গতকাল সকাল ১০টার দিকে অজুফা বিরোধপূর্ণ সীমানায় গাছের ডাল কাটছিলেন। এ নিয়ে হুমায়ুনের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে আরও জানা গেছে, বাগ্‌িবতণ্ডার একপর্যায়ে হুমায়ুন কোদাল দিয়ে তাঁর মাথায় কোপ বসান। এতে অজুফা মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় হুমায়ুন, তাঁর স্ত্রী ও চার ছেলে মিলে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সকাল সাড়ে ১০টার দিকে অজুফার মৃত্যু হয়।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বলেন, আসামিরা পলাতক। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।