কুমিল্লায় গোলাগুলিতে দুই পুলিশসহ আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা নগরের কালিয়াজুরি মাজারের গলি এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের গোলাগুলিতে পুলিশের দুই সদস্যসহ তিনজন আহত হয়েছেন।
এ ঘটনায় পিস্তল ও চারটি গুলিসহ আবুবকর সিদ্দিক সরকার ওরফে রোমান (৩২) নামের এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে এই ঘটনা ঘটে।
স্থানীয় অন্তত ছয়জন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে নগরের ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরি এলাকার বাসিন্দা আবুবকরের বাড়িতে অস্ত্র উদ্ধারে যায়।
ওই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলিতে ডিবির উপপরিদর্শক (এসআই) আদিল মাহমুদ ও কনস্টেবল আসলাম পারভেজ আহত হন।
খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পুরো এলাকা ঘেরাও করে। একপর্যায়ে রোমানের অনুসারীদের সঙ্গে পুলিশের গোলাগুলি হয়। তখন আবুবকর পায়ে গুলিবিদ্ধ হন। পরে একটি বিদেশি পিস্তল ও চারটি গুলিসহ আবুবকরকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ কমপক্ষে ৩০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত ব্যক্তিদের কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্য আদিল মাহমুদকে গতকাল বুধবার সকালে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আবুবকর ও তাঁর আট সহযোগীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এসআই আদিল মাহমুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় রোমান সরকার নামের এক সন্ত্রাসীকে পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে।