কুমিল্লায় পুলিশের ওপর হামলা করতে গিয়ে গ্রেপ্তার হওয়া দুজনের সঙ্গে নব্য জেএমবির নেতা মাইনুল ওরফে মুসার যোগাযোগ ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। তাঁরা বলছেন, এই মুসাই এখন নব্য জেএমবির প্রধান বলে তাঁদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে।
বোমা হামলাকারীদের একজনের প্রকৃত নাম আহমেদ আজওয়াদ ইমতিয়াজ তালুকদার ওরফে অমি, তাঁর সাংগঠনিক বা ছদ্মনাম জসীমউদ্দীন। আরেকজনের নাম মাহমুদ হাসান বলে জানা গেছে। তাঁদের মিরসরাইয়ের আস্তানায় মুসার যাতায়াত ছিল। ঢাকা ছেড়ে চট্টগ্রামে বসে চক্রটি সংগঠিত হয়ে বড় হামলার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা।
কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনজুর আলম গ্রেপ্তার আজওয়াদের পরিচয় নিশ্চিত করে গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, গত বছর নিখোঁজের পর আজওয়াদ জেএমবিতে যোগ দেন।
পুলিশ বলেছে, আজওয়াদের বাবা একজন সেনা কর্মকর্তা, যিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন এবং মা ব্যাংক কর্মকর্তা। রাজধানীর পল্লবীতে ফুফুর বাসায় থাকতেন আজওয়াদ। পড়তেন উত্তরার একটি ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানে, এ লেভেলে। ২০১৬ সালে তিনি নিখোঁজ হন। গুলশানে হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার পর র্যা ব যে ২৬২ জন নিখোঁজের তালিকা দেয়, তাতে আজওয়াদের নাম ছিল। ওই সময় পুলিশ বলেছিল, বই কেনার কথা বলে আজওয়াদ বাসা থেকে বের হন।
কুমিল্লায় গ্রেপ্তার করা অপর তরুণ হাসানের বিস্তারিত পরিচয় এখনো নিশ্চিত করেননি কুমিল্লার পুলিশ বা ঢাকার কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তারা। তবে তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, হাসান গত বুধবার পুলিশকে বলেছিলেন, তাঁর বাড়ি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি। পরে সে তথ্যের সত্যতা মেলেনি। গতকাল জানা যায়, তাঁর বাড়ি চট্টগ্রামের পটিয়ায়। এক বছর আগে থেকে তিনি জঙ্গিবাদের সঙ্গে যুক্ত হলেও বাড়ি ছাড়েন চার মাস আগে। তাঁর বিষয়ে আরও বিস্তারিত তথ্য নেওয়া হচ্ছে। জিজ্ঞাসাবাদে হাসান বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে বিভ্রান্ত করছেন। তাঁকে গতকাল ঢাকায় আনা হয়েছে।
চট্টগ্রামে সংগঠিত হয়েছিল তারা
কাউন্টার টেররিজম ইউনিটের একজন কর্মকর্তা বলেন, ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে জঙ্গিরা অন্য জায়গায় নিরাপদ আস্তানা খুঁজছিল। এরপর মিরসরাইয়ের ওই বাড়ি ভাড়া নেওয়া হয়। সেখানে প্রায়ই আসতেন নব্য জেএমবির বর্তমান প্রধান মুসা। গত ২৪ ডিসেম্বর রাজধানীর আশকোনার সূর্যভিলা নামের বাড়ি থেকে পুলিশের হাত ফসকে পালিয়ে যান তিনি। তবে সেখান থেকে তাঁর স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। ওই অভিযানে নিহত হন দুজন।
পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক মো. মনিরুজ্জামান বলেন, এই মুসাই এখন নব্য জেএমবির প্রধান। তামিম চৌধুরীসহ অন্যরা নিহত হওয়ার পর তিনি হাল ধরেন।
কাউন্টার টেররিজম ইউনিটের এক কর্মকর্তা বলেন, চট্টগ্রামে জঙ্গিরা সংগঠিত হয়ে কিছু শক্তি সঞ্চয় করেছে। সেখানে নব্য জেএমবির এক বোমা কারিগরের খোঁজ তাঁরা পেয়েছেন। যিনি এখন জঙ্গি দলটির চট্টগ্রাম অঞ্চলের প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন। কুমিল্লায় পুলিশের দিকে ছুড়ে মারা শক্তিশালী বোমাগুলো ওই কারিগরই বানিয়েছেন। ওই বোমাগুলো আগে উদ্ধার করা বোমার চেয়ে আকারে দু-তিন গুণ বড় এবং অনেক বেশি শক্তিশালী। এগুলো দিয়ে তারা আরেকটি প্রাণঘাতী হামলার পরিকল্পনা করছিল। সে জন্য বোমাগুলো নিয়ে ঢাকায় আসছিলেন গ্রেপ্তার করা ওই দুই তরুণ।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপকমিশনার এবং বোমা নিষ্ক্রিয়করণ দলের প্রধান ছানোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, কুমিল্লা থেকে উদ্ধার ও নিষ্ক্রিয় করা বোমাগুলো হাতে তৈরি গ্রেনেড। এগুলোতে খুব শক্তিশালী বিস্ফোরক ও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হলেও তৈরিতে কিছু সমস্যার কারণে তা বিস্ফোরিত হয়নি। এগুলো বিস্ফোরিত হলে অনেক হতাহতের ঘটনা ঘটতে পারত। ধারণা করা হচ্ছে, জঙ্গিরা নতুন ধরনের আরও শক্তিশালী বোমা তৈরির চেষ্টা করছে। এগুলো সে চেষ্টারই ‘অন টেস্ট ভার্সন ।
মামলা ডিবিতে
এদিকে বাস থেকে নেমে পুলিশের ওপর হামলার ঘটনায় বুধবার বিকেলে চান্দিনা থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুই জঙ্গির বিরুদ্ধে করা মামলাটি কুমিল্লার ডিবিতে স্থানান্তর করা হয়েছে। ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন মামলাটির তদন্ত করছেন। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল হাসানকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
এদিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কারা ওয়ার্ডে চিকিত্সাধীন আজওয়াদ এখন শঙ্কামুক্ত। তাঁর গলায় গুলির দুটি স্প্লিন্টার রয়েছে। ডান পায়ে ও কোমরে গুলির চিহ্ন রয়েছে। তাঁকে গতকাল নাক, কান ও গলা বিশেষজ্ঞ দেখানো হয়েছে। হাসপাতালের একজন চিকিত্সক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।
গত মঙ্গলবার কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়মিত তল্লাশিতে পুলিশ বাস থামালে দুই জঙ্গি বাস থেকে নেমে স্কুলব্যাগ ভর্তি বোমা নিয়ে পুলিশের ওপর হামলা করে। এ সময় দুই জঙ্গিকে পুলিশ ও জনতা আটক করে।