কুমিল্লায় চিকিত্সায় অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রীতম আলম
প্রীতম আলম

কুমিল্লা নগরের রামঘাট এলাকায় অবস্থিত মিডল্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় প্রীতম আলম নামের এক শিশু মারা গেছে বলে পরিবার অভিযোগ করেছে। গত শুক্রবার রাত সোয়া ১১টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে মৃত ঘোষণা করা হয়।

শিশুটির বাবা আলমগীর হোসেন ফ্রান্সপ্রবাসী একটি পাক্ষিক পত্রিকার সম্পাদক এবং কুমিল্লার সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গত ২২ জুন ফ্রান্স থেকে তাঁরা দেশে ফেরেন। গতকাল শনিবার দুপুরে নিহত শিশুর জানাজা সদর দক্ষিণ উপজেলার মনোহরপুর গ্রামে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আলমগীর হোসেন বলেন, শুক্রবার তাঁর ছেলে প্রীতম অসুস্থ হয়ে পড়ে। পরে সকাল নয়টায় তাকে কুমিল্লার মিডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার প্যাথলজি পরীক্ষা করা হয়। রাত ১০টায় পরীক্ষার প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রীতমের শরীরে পটাশিয়ামের শূন্যতা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক। এরপর সন্ধ্যা সাতটায় কুমিল্লা থেকে তাকে ঢাকায় নেওয়া হয়। রাত ১১টায় হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ‘হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় আমার ছেলে মারা যায়। আমি এর বিচার চাই। এ ঘটনার পর আমার বড় ছেলে ফাহিমের অবস্থা খারাপ। তার মা নাজিয়া আলম পাগলপ্রায়।’

হাসপাতালের চেয়ারম্যান মো. শহীদুল্লাহ বলেন, চিকিত্সায় কোনো গাফিলতি ছিল না। তবু বিষয়টি তদন্ত করে দেখা হবে।