কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের এক নেতাকে গতকাল রোববার গুলি করে ও পিটিয়ে জখম করেছেন একই সংগঠনের প্রতিপক্ষের নেতা-কর্মীরা। এর আগে শনিবার ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় যুবলীগের এক সদস্যের লোকজন ছাত্রলীগের এক নেতা ও আরেক কর্মীকে কুপিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আহত ব্যক্তি হলেন কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমরান হোসেন ওরফে জ্যাকি (৩০)। ইমরানকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর ডান কানের লতি ছিঁড়ে গেছে। সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় আহত ব্যক্তিরা হলেন পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ (৩০) ও ছাত্রলীগের কর্মী হারুনুর রশিদ (২৪)। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। হামলাকালে এ দুজনকে বাঁচাতে গিয়ে উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক সুশান্ত সাহা (৩২) ও আওয়ামী লীগ-সমর্থক আরমান কবির (৩২) আহত হন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অভিযুক্ত যুবলীগের নেতার নাম আবু কাউছার চৌধুরী। তিনি আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।
ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের অন্তত তিনজন কর্মী বলেন, ইমরান হোসেনের সঙ্গে কলেজ শাখা ছাত্রলীগের কর্মী কাউসার আহমেদের কয়েক দিন আগে ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে ঝগড়া হয়। ওই ঘটনায় ইমরান কাউসারকে চড় মারেন। এ নিয়ে দুজনের অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। গতকাল বেলা একটায় পদার্থবিজ্ঞান ভবনের সামনের সড়কে ইমরানকে পেয়ে কাউসার ও তাঁর অনুসারীরা লাঠি দিয়ে পিটিয়ে জখম ও একপর্যায়ে গুলি করে। গুলিতে ইমরানের ডান কানের লতিতে ছিদ্র হয়। এ সময় প্রতিপক্ষের অনুসারীরা তাঁর হাত ও পা থেঁতলে দেয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় কাউসার আহমেদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশিদ বলেন, ‘ছাত্রলীগের দুটি পক্ষের মধ্যে দৌড়াদৌড়ি হয়েছে বলে শুনেছি। ওই সময়ে আমি ক্যাম্পাসের বাইরে ছিলাম।’
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।
গৌরীপুর থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর পৌর শহরের উত্তর বাজার এলাকায় আবু কাউছার চৌধুরীর ছোট ভাই ফজলে রাব্বি চৌধুরী বিরোধের জের ধরে হারুনুর রশিদকে মারধর করেন। এ নিয়ে রাত পৌনে নয়টার দিকে বাজার এলাকায় কাউছারের ব্যক্তিগত কার্যালয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে হারুনের পক্ষের একজন টেবিলে থাপ্পড় মারে। এতে হারুনের পক্ষের লোকজনকে মারতে কাউছার তাঁর কর্মী-সমর্থকদের নির্দেশ দেন। কাউছারের সমর্থকেরা রামদা ও চাপাতি নিয়ে হামলা করেন। এ সময় হারুন ও আহাদকে কাউছারের সমর্থকেরা কুপিয়ে জখম করেন। তাঁদের দুজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে হারুনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহাদ ও হারুনকে বাঁচাতে গিয়ে সুশান্ত ও আরমান আহত হন।
সুশান্ত সাহা বলেন, আবু কাউছারের নির্দেশে তাঁর সমর্থকেরা রামদা ও চাপাতি দিয়ে কোপাতে শুরু করে।
আবু কাউছার চৌধুরী বলেন, ‘ওই পক্ষের বেশ কয়েকজন আমার ওপর আক্রমণে উদ্যত হয়। পরে আমার সমর্থকদের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। মূলত পৌরসভা নির্বাচনে আমি মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী হওয়ায় প্রতিপক্ষ এ ঘটনা ঘটিয়েছে।’