কুমিল্লায় ছাত্রলীগের নেতা গ্রেপ্তার
ছাত্রলীগ কর্মীকে মারধরের ঘটনায় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গাজী গোলাম সারোয়ার ওরফে সিপন ও তাঁর দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে নগরের ছোটরা এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ তাঁর বাসা থেকে রাসেল ও সঞ্জিত নামের ছাত্রলীগের দুই কর্মীকেও গ্রেপ্তার করে।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ৩ সেপ্টেম্বর গোলাম সারোয়ারের অনুসারীরা কুমিল্লা সরকারি কলেজে ঢুকে ছাত্রলীগের কর্মী ও কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক সহসভাপতি (ভিপি) জহিরুল ইসলাম ওরফে রিন্টুর অনুসারী আবদুল হাদিকে খুঁজতে থাকে। এরপর তাঁকে না পেয়ে আধা ঘণ্টা কলেজে তাণ্ডব চালায়। ওই দিন রাত আটটার দিকে আবদুল হাদিকে গোলাম সারোয়ারের কর্মীরা নগরের রেইসকোর্স এলাকায় কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় মামলা করেন জহিরুল। ওই মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
গাজী গোলাম সারোয়ার বলেন, ‘কলেজের ঘটনার পর হাদি আমার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা করে। তখন তাকে জনতা মারধর করে। ওই ঘটনায় আমার বিরুদ্ধে মামলা হয়।’