কুমিল্লায় ছয়টি অস্ত্রসহ গ্রেপ্তার ৩
কুমিল্লা শহরতলির নোয়াপাড়া এলাকার ব্যবসায়ী মুকুল হত্যা মামলার আসামি মো. আরিফসহ (৩৫) তিন ব্যক্তিকে ছয়টি অস্ত্র, ১৩টি গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অন্য ব্যক্তিরা হলেন আদর্শ সদর উপজেলার বলরামপুর গ্রামের মোহন মিয়া (৩৪) ও চাঙ্গিনী এলাকার ভাড়াটিয়া আবদুল গফুর ওরফে ফরহাদ (৩৫)।
গতকাল দুপুরে তাঁদের কুমিল্লার আমলি আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। এর মধ্যে আরিফ নোয়াপাড়া এলাকার ডেকোরেটরের ব্যবসায়ী মুকুল হত্যা মামলার প্রধান আসামি। চলতি বছরের ১৩ মে ভোরে নোয়াপাড়া এলাকার একটি রাস্তায় গুলি করে মুকুলকে হত্যা করা হয়।
জেলা পুলিশ দপ্তর থেকে জানা গেছে, গতকাল ভোর চারটায় কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেনের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মো. আরিফকে সেনানিবাস এলাকার ময়নামতি সুপার মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আরিফ বলেন, মুকুল হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি তিনি কুমিল্লা নগরের চাঙ্গিনী এলাকায় বন্ধু আবদুল গফুর ওরফে ফরহাদের বাসায় রেখেছেন। পরে আরিফকে নিয়ে পুলিশ ফরহাদের বাসায় ভোর পাঁচটায় অভিযান চালায়। সেখানে ফরহাদ বলেন, অস্ত্রটি বলরামপুর এলাকার মোহন মিয়ার কাছে রয়েছে। এরপর পুলিশ ফরহাদ ও আরিফকে নিয়ে মোহন মিয়ার বাড়িতে যায়। মোহন মিয়ার ঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে পাঁচটি গুলিসহ পিস্তলটি জব্দ করা হয়।
পরে নোয়াপাড়া এলাকায় মো. আরিফের বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ একটি পিস্তল, দুটি শুটারগান, দুটি এলজি ও আটটি গুলি জব্দ করে। এ ঘটনায় অস্ত্র আইনে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলায় মো. আরিফ, মোহন মিয়া ও আবদুল গফুরকে আসামি করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বলেন, আরিফের বিরুদ্ধে তিনটি হত্যাসহ ১১টি মামলা রয়েছে।
গত ১৩ মে ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের নোয়াপাড়া মসজিদ গলির সামনের সড়কে একই এলাকার বাসিন্দা ডেকোরেটর ব্যবসায়ী এ কে এম রকিব উদ্দিন ওরফে মুকুলকে (৪৫) গুলি করে হত্যা করা হয়। এ সময় গুলিবিদ্ধ হন আরও তিনজন। এ ঘটনায় দায়ের করা মামলায় আরিফ এজাহারভুক্ত আসামি।