কুমিল্লায় ডাকাত সন্দেহে পিটুনিতে নিহত ২
কুমিল্লার চান্দিনা উপজেলার রাণীচর এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েচে। আহত হয়েছে একজন। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের একজন দেবীদ্বার উপজেলার ধামতি ইউনিয়নের তেবারিয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে রুবেল মিয়া (২৫)। অপর ব্যক্তি সোলায়মানের (২৮) নাম ছাড়া আর কিছু জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন চান্দিনা পৌরসভার বেলাশ্বর এলাকার সেলিম মিয়ার ছেলে নাইম (২৮)। নাইম কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
চান্দিনা থানার পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিনের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রাণীচর মাদ্রাসা সংলগ্ন সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল একদল ডাকাত। টের পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে ধরে পিটুনি দেয় এলাকাবাসী। গণপিটুনিতে ডাকাত দলের রুবেল, সোলায়মান ও নাইম গুরুতর আহত হন। ভোররাত সোয়া চারটার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। কর্তব্যরত চিকিৎসক রুবেল ও সোলায়মানকে মৃত ঘোষণা করেন। পরে নাইমকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সালাউদ্দিন বলেন, দুজনের লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।