কুমিল্লায় ডিবির এসআইকে মাথায় গুলি, অস্ত্র ছিনতাই
কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসেনকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করেছে একদল সন্ত্রাসী। এ সময় সন্ত্রাসীরা তাঁর সঙ্গে থাকা অস্ত্র নিয়ে যায়। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে নগরের ঝাউতলা ব্র্যাক ব্যাংকের বিপরীত পাশে নিরাময় ক্লিনিকের গলিতে এ ঘটনা ঘটে।
নগরের উঠতি সন্ত্রাসী মোহাম্মদ সুমন ওরফে জিরা সুমন ওই হামলা চালায় বলে এলাকাবাসী জানিয়েছেন। আহত ফিরোজকে প্রথমে নগরের ঝাউতলা মুন হাসপাতালে ভর্তি ও পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ, এলাকাবাসী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় এসআই ফিরোজ ঝাউতলা এলাকায় জিরা সুমন ও তার অনুসারীদের গ্রেপ্তার করতে যান। ওই সময়ে জিরা সুমন ও তার বাহিনীর সদস্যরা ফিরোজকে আটক করে প্রথমে মাথায় পিস্তল দিয়ে আঘাত করে। পরে পিস্তল ঠেকিয়ে মাথার এক পাশে গুলি করে। এ সময় সন্ত্রাসীরা তাদের নম্বরবিহীন একটি মোটরসাইকেল ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়। পরে এক রিকশাচালক ফিরোজকে উদ্ধার করে মুন হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ অন্য পুলিশ সদস্যরা তাঁকে দেখতে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সুপার টুটুল চক্রবর্তী দাবি করেন, সন্ত্রাসীরা গুলি করেনি। সন্ত্রাসীদের হামলায় ফিরোজ মাথায় আঘাত পেয়েছেন।
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, জিরা সুমনের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। এসআই ফিরোজ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। গুলি ও রিভলবার ছিনতাই প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পুলিশের অন্তত তিনজন সদস্য জানান, জিরা সুমন নগরের ঝাউতলা, দৌলতপুর, অশোকতলা এলাকায় মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনতাই চক্রের মূল হোতা। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। সুমন শহরতলির দৌলতপুর চিশতীয়া মিল এলাকার বাসিন্দা।