কুমিল্লায় দীর্ঘ যানজট মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে পড়া ও ঈদ উপলক্ষে সড়কে যানবাহনের বাড়তি চাপ—এসব কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গতকাল প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। ছবিটি ময়নামতি সেনানিবাস এলাকা থেকে তোলা l প্রথম আলো
সড়ক দুর্ঘটনা, গাড়ি বিকল হয়ে পড়া ও ঈদ উপলক্ষে সড়কে যানবাহনের বাড়তি চাপ—এসব কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে গতকাল প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট লেগে যায়। ছবিটি ময়নামতি সেনানিবাস এলাকা থেকে তোলা l প্রথম আলো

কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে ময়নামতি সেনানিবাস পর্যন্ত প্রায় ৪৫ কিলোমিটার এলাকাজুড়ে গতকাল বুধবার ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ঘরমুখো হাজারো মানুষ। বিশেষ করে শিশু ও রোগীদের দুর্ভোগ ছিল সীমাহীন। দুর্ঘটনা, গাড়ি বিকল, রাস্তায় গাছ ফেলে ডাকাতির চেষ্টা ও অতিরিক্ত পণ্যবাহী যানবাহনের কারণে এই যানজটের সৃষ্টি হয় বলে জানা গেছে।
মহাসড়ক পুলিশ, জেলা পুলিশ ও গাড়িচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে চান্দিনা উপজেলার তীরচর এলাকায় মহাসড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। কিন্তু ততক্ষণে মহাসড়কে পণ্যবাহী ট্রাক, লরি ও কাভার্ড ভ্যানের জটলা বেঁধে যায়। এরপর ভোর রাতে দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর ওপর একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। তখন সেতুর ওপর একটি প্রাইভেটকারও বিকল হয়ে পড়ে। এ ছাড়া দাউদকান্দি ঈদগাহের কাছে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও তখন রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তা ছাড়া পণ্যবাহী যানবাহনের চাপ তো ছিলই। সবকিছু মিলিয়ে এ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের কাবিলা ও ময়নামতি সেনানিবাস এলাকায় যানজট বেশি। সেখানে মাঝেমধ্যে ধীর গতিতে গাড়ি চলছে। আবার কখনো গাড়ি একেবারেই থেমে থাকছে। পুলিশ চেষ্টা চালিয়েও জট সরাতে পারছে না। বিকেল পাঁচটা নাগাদ যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
ঢাকা থেকে কুমিল্লাগামী এশিয়া লাইন পরিবহনের যাত্রী ফজলুল হক বলেন, ‘সকাল সাতটায় রওনা দিয়ে বিকেল তিনটায় কাবিলা পর্যন্ত এসেছি।’ ঢাকা থেকে ফেনীগামী স্টার লাইন পরিবহনের গাড়িচালক আবদুর রহমান বলেন, ‘যানজটে অতিষ্ঠ হয়ে আড়াআড়ি গাড়ি ঢোকানোর কারণে এ অবস্থা হয়েছে। সারা দিন মহাসড়কেই কাটালাম।’
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দাউদকান্দি সেতুর ওপর তিনটি গাড়ি বিকল হয়ে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্বাঞ্চল মহাসড়ক পুলিশ সুপার (এসপি) মো. রেজাউল করিম বলেন, ঈদের আগে পণ্যবাহী যানবাহনের চাপ ছিল আজই (বুধবার) সবচেয়ে বেশি। পুলিশ দিনভর চেষ্টা চালিয়ে যানজট নিরসন করেছে।