কুমিল্লায় দুই কিশোরী ধর্ষণের মামলায় গ্রেপ্তার ১
কুমিল্লা নগরের শাকতলা এলাকায় দুই কিশোরীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় মো. রাজীব (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার রাতে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় এক কিশোরীর মা বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেন। পুলিশ নাম উল্লেখ করা আসামি রাজীবকে গ্রেপ্তার করলেও অপর দুই আসামি পলাশ এবং ইমু পলাতক রয়েছেন।
এদিকে আজ বৃহস্পতিবার ওই দুই কিশোরীর মধ্যে একজনের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শারীরিক অসুস্থতার কারণে আগামী শনিবার আরেক কিশোরীর ডাক্তারি পরীক্ষা হবে। এ ছাড়া আজ বিকেলে দুই কিশোরীর জবানবন্দি রেকর্ড করেছেন আদালত। এ ছাড়া দুই কিশোরীর জামাকাপড় পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আবদুল্লাহ আল মামুন আজ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, র্যাব-১১-এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২ শাকতলা কার্যালয়ের উল্টো দিকে পরিত্যক্ত একটি বাড়িতে ঘটনাটি ঘটে। সেখানে অপরাধীদের নিয়মিত যাতায়াত রয়েছে। বাড়িটি অপরাধীদের আখড়া। এর আগেও সেখানে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, আসামি পলাশ এবং ইমুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার হওয়া আসামি রাজীবকে রিমান্ডে নেওয়া হবে। তাঁকে রিমান্ডে নিলেই ওই দুই আসামির হদিস মিলবে। রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে।
ওই কিশোরীদের মধ্যে একজনের বয়স ১৪, আরেক জনের বয়স ১৩। তারা সম্পর্কে খালা-ভাগনি।